টি২০ বিশ্বকাপ (T20 World Cup)-এ ‘নীরব ঘাতক’ হয়ে উঠেছে জিম্বাবোয়ে (Zimbabwe)। কোন কৌশলে রাজা বাহিনী দাপট দেখাচ্ছে, তা নিয়েই ক্রিকেটমহলে চর্চা তুঙ্গে।

জিম্বাবোয়ে ধরা দিয়েছে নতুন অবতারে
শেষ আপডেট: 20 February 2026 09:10
দ্য ওয়াল ব্যুরো: এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) জিম্বাবোয়ে (Zimbabwe) ধরা দিয়েছে নতুন অবতারে! অঘটন ঘটিয়ে লাফালাফি নয়। অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কাকে হারিয়েও উচ্ছ্বাস নেই। শুধু প্রথামাফিক করমর্দন, তারপর ড্রেসিংরুমে ফেরা। যেন এটাই স্বাভাবিক। আর এই বদলের নেপথ্যে যিনি, তিনি টিমের অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza)। তাঁর দল এখন আর ‘আন্ডারডগ’ নয়। নিজেদের চোখেই তারা প্রতিদ্বন্দ্বী। বড় দলকে হারানোও আর চমক নয়, নিখুঁত পরিকল্পনার অংশ।
উদ্যাপনহীন জয়, মনস্তাত্ত্বিক বার্তা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৯ রক্ষা করা হোক বা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৯ তাড়া—জিম্বাবোয়ের খেলোয়াড়দের চোখেমুখে বাড়তি আবেগ নেই। এই সংযম ক্রিকেটীয় বার্তার চেয়েও বড় মানসিক আধিপত্যের প্রমাণ৷ দর্শনটা অনেকখানি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ২০০৮ সালে তুলে আনা নীতির মতো। ভারতীয় দলের অধিনায়কের ভাবনা ছিল পরিষ্কার—জয়কে যদি অলৌকিক মনে করে উদ্যাপন করো, তবে বোঝা যায় তুমি জেতার আশা করোনি। রাজাও সেই পথে হাঁটছেন। তাঁর দল দেখাচ্ছে—অস্ট্রেলিয়াকে হারানো ‘মিরাকল’ নয়, প্রত্যাশিত ফল।
রাজার নকশা: অঘটন নয়, ধারাবাহিকতা
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে রেকর্ড গড়া সিকান্দার রাজা এখন শুধু পারফর্মার নন, স্থপতিও। সুপার এইটে ওঠাকে তিনি বলেছেন ‘টিক ইন দ্য বক্স’। লক্ষ্য আরও বড়। আর এই পরিবর্তন শুধু কথায় নয়, মাঠেও স্পষ্ট। ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) নির্দিষ্ট লেংথে ডেলিভারি ছুড়ছেন ঠান্ডা মাথায়। ব্যাটসম্যানকে বাড়তি কথা বলে তাতাচ্ছেন না, যা করার বল হাতে করছেন। তরুণ ব্রায়ান বেনেট (Brian Bennett) শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপের ম্যাচে যেভাবে ইনিংস গড়েছেন, তা অভিজ্ঞ ক্রিকেটারের মতো। দল এখন আবেগ নয়, এক্সিকিউশনে বিশ্বাসী। সব মিলিয়ে জিম্বাবোয়ে নিজেদের ‘ইমোশনাল আন্ডারডগ’ পরিচয় বদলে ফেলেছে। এখন তারা ‘পেশাদার ঘাতক’।
ভারতের জন্য হুমকি
গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে জিম্বাবোয়ে। সামনে ভারত (India) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) মতো শক্তিশালী প্রতিপক্ষ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি কে? মুজারাবানির বাউন্স ও লাইন-লেংথ, নাকি বেনেটের ঠান্ডা মাথার ব্যাটিং? দু’জনেই ‘আন্ডাররেটেড’, কিন্তু কার্যকর। যদিও বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় অস্ত্র দলের মানসিকতা। জিম্বাবোয়ে এখন আর এলেবেলে টিম নয়। নিজেদের ক্ষমতা জানে। আর সেটাই তাদের সবচেয়ে ভয়ংকর করে তুলেছে। ভারতের জন্য তাই সতর্কবার্তা পরিষ্কার—এবারের জিম্বাবোয়ে চমক দেখাতে নয়, হিসেব কষে আঘাত হানতে এসেছে৷