এটিপি ফাইনালসে আবারও চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। স্ট্রেট সেটে কার্লোস আলকারাজকে পরাজিত করে খেতাব জিতে নিলেন এই তারকা।

ইয়ানিক সিনার
শেষ আপডেট: 17 November 2025 08:26
দ্য ওয়াল ব্যুরো: থামার নাম নেই ইয়ানিক সিনারের (Jannik Sinner)। তুরিনের ইনালপি অ্যারেনায় আবারও শিরোপা ধরে রাখলেন ইতালির এই বিশ্ব তারকা। ফাইনালে সরাসরি সেটে হারালেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজকে (Carlos Alcaraz)—৭-৬ (৭-৪), ৭-৫।
এই নিয়ে টানা দ্বিতীয় বছর এটিপি ফাইনালস (ATP Finals) জিতলেন তিনি। আরও উল্লেখযোগ্য, দুই মরশুমেই একটিও সেট না হারিয়ে চ্যাম্পিয়ন। ইন্ডোর হার্ডকোর্টে তাঁর অপরাজিত থাকার ধারা এখন ৩১ ম্যাচে এসে ঠেকেছে। বর্তমান টেনিসে যে তিনি অন্যদের থেকে অন্তত অর্ধেক ধাপ এগিয়ে, টুরিনই তার প্রমাণ।
ফাইনালের লড়াইয়ের আগেই আন্দাজ করা হচ্ছিল, ম্যাচ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ, গোটা ২০২৫ জুড়েই বড় টুর্নামেন্টগুলো ভাগ করে নিয়েছেন সিনার ও আলকারাজ। দু’জনেই জিতেছেন দুটি করে গ্র্যান্ড স্লাম (Grand Slam)। পাশাপাশি এ বছর ছ’টি ফাইনালে মুখোমুখি হয়েছেন তাঁরা। ফাইনালের জয়টি ছিল সেই ছ’টির মধ্যে সিনারের দ্বিতীয় জয়। এর ফলে দুই তারকার মুখোমুখি লড়াইয়ের ব্যবধান কমে দাঁড়াল ১০-৬।
ফাইনাল শেষে সিনার স্পষ্ট জানালেন, আলকারাজই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাঁর কথায়, ‘তুমি এমন একজন, যাকে দেখে আমি শিখি। তোমার বিরুদ্ধে খেলতে নেমে সব সময় সেরাটা দিতে হয়। আজ প্রথম সেটে তোমার সেট পয়েন্ট ছিল, পরিস্থিতি সামলে ম্যাচ জিততে পেরে ভাল লাগছে।’
সিনারের প্রশংসায় কার্পণ্য করেননি আলকারাজও। পরাজিত হয়েও অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষকে। বলেছেন, ‘ইয়ানিকের জন্য দারুণ একটা বছর। এখন বিশ্রামের সময়। তবে ওকে বলে রাখি, আগামী মরশুমের জন্য প্রস্তুত হও। আমিও তৈরি হয়ে ফিরব। আশা করি, আগামী বছর তোমার সঙ্গে আরও ফাইনাল খেলতে পারব।’
টেনিস দুনিয়ার নতুন দ্বন্দ্ব, সিনার বনাম আলকারাজ এখনই পৌঁছে গিয়েছে বড় লড়াইয়ের পর্যায়ে। দু’জনের বয়স কম, প্রতিভা বিপুল, ধারাবাহিকতাও ঈর্ষণীয়। তাই পরের মরশুমেও এই দুই তারকার লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন বিশ্বজোড়া টেনিসপ্রেমী।
ক্রীড়াপ্রেমীদের অনেকেই বলছেন, এই মুহূর্তে পুরুষ টেনিসের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইয়ানিক সিনার (Jannik Sinner) এবং কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)।