মূলত স্মার্টফোনভিত্তিক—একা খেলা যাবে, আবার অনলাইনে বন্ধুদেরও চ্যালেঞ্জ জানাতে পারবেন ব্যবহারকারীরা।

ছবি: গুগল
শেষ আপডেট: 30 December 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে পপ কালচার, বিনোদন আর গেমিংয়ের উন্মাদনা। ২০২৬ বিশ্বকাপের আগে সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে চলেছে নেটফ্লিক্স (Netflix)। সংস্থার ঘোষণা, বিশ্বকাপের মরশুমেই তারা বাজারে আনতে চলেছে একটি নতুন ফিফা (FIFA) ফুটবল সিমুলেশন ভিডিও গেম—নিজেদের গেমিং প্ল্যাটফর্মে।
কী ধরনের গেম?
নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, এই গেম তৈরি ও প্রকাশ করছে লস অ্যাঞ্জেলসের ডেলফি ইন্টারঅ্যাকটিভ (Delphi Interactive)। যা মূলত স্মার্টফোনভিত্তিক—একা খেলা যাবে, আবার অনলাইনে বন্ধুদেরও চ্যালেঞ্জ জানাতে পারবেন ব্যবহারকারীরা। আলাদা করে কোনও কনসোল বা পিসির প্রয়োজন নেই। নেটফ্লিক্স সাবস্ক্রিপশন থাকলেই এই গেম খেলা যাবে। আপাতত গেমের নাম বা নির্দিষ্ট রিলিজ ডেট জানানো হয়নি। আসছে বছর বিস্তারিত তথ্য ঘোষণা করা হবে বলে খবর।
‘ফিফা-নেটফ্লিক্স’ জোট নিয়ে কেন এত আলোচনা?
নেটফ্লিক্সের গেমস বিভাগের প্রেসিডেন্ট অ্যালাঁ তাসকান বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপ হবে বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক ইভেন্ট। সেই আবেগকে ঘরের মধ্যে এনে দেওয়ার সুযোগ করে দেবে এই গেম।’অন্যদিকে জিয়ানি ইনফান্তিনোর (Gianni Infantino) নেতৃত্বাধীন ফিফা কর্তৃপক্ষও একে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে ব্যাখ্যা করেছে। তাদের লক্ষ্য, দুনিয়ার বয়সের বেড়াজাল ডিঙিয়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর দরবারে পৌঁছনো।
এই ঘোষণার গুরুত্ব আরও বাড়ছে, কারণ, ২০২২ সালে দীর্ঘ তিন দশকের সম্পর্ক ছিন্ন করে ইএ স্পোর্টসের (EA Sports) সঙ্গে পথ আলাদা করেছিল ফিফা। লাইসেন্স ফি সংক্রান্ত বিবাদের জেরেই বিচ্ছেদ। তারপর থেকে নতুন গেমিং পার্টনার খুঁজছিল ফিফা। নেটফ্লিক্সের সঙ্গে এই চুক্তি সেই শূন্যস্থান পূরণ করল বলেই মনে করছেন গেমিং দুনিয়ার বিশ্লেষকরা।
গেমিংয়ে নেটফ্লিক্সের বড় বাজি
নেটফ্লিক্স ২০২১ সাল থেকেই গেমিং দুনিয়ায় পা রেখেছে। সিনেমা-সিরিজের বাইরে গিয়ে নিজেদের বিনোদনের পরিসর বাড়ানোই মূল লক্ষ্য। ইতিমধ্যে তারা মোবাইল ও টিভিতে খেলা যায়—এমন একাধিক গেম তাদের সাবস্ক্রিপশনের মধ্যেই দিচ্ছে। ফিফা বিশ্বকাপ গেম সেই কৌশলের সবচেয়ে বড় বাজি হতে চলেছে। কারণ, বিশ্বকাপ মানেই বিশ্বব্যাপী উন্মাদনা। মাঠে ম্যাচ দেখার পাশাপাশি গেমে নিজের দলকে খেলানো—এই দুই অভিজ্ঞতাকে একসঙ্গে জুড়ে দিতে চাইছে নেটফ্লিক্স। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের বছরে ফুটবলপ্রেমীদের জন্য শুধু স্টেডিয়াম বা স্ক্রিন নয়, গেমিংয়ের ময়দানেও অপেক্ষা করছে নতুন এক লড়াই।