পুরুষ দলের লাগাতার ব্যর্থতা ক্রমাগত ঢেকে চলেছে লাল-হলুদের মহিলা বিভাগ। আইএসএল মানেই যেন ইস্টবেঙ্গলের ব্যর্থতার ইতিহাস।

ইস্টবেঙ্গল
শেষ আপডেট: 27 May 2025 21:01
দ্য ওয়াল ব্যুরো: পুরুষ দলের লাগাতার ব্যর্থতা ক্রমাগত ঢেকে চলেছে লাল-হলুদের মহিলা বিভাগ (East Bengal Female Football Team)। আইএসএল মানেই যেন ইস্টবেঙ্গলের ব্যর্থতার ইতিহাস। সমর্থকরা প্রতি বছরই আশায় বুক বাঁধেন, কিন্তু প্রতি বছরই হতাশ হন। তাঁদের হতাশা কাটানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।
ইন্ডিয়ান ওমেন’স লিগের (Indian Women’s League) পর এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন (Kanyashree Cup Champion) পদ্মা পাড়ের ক্লাব। এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে (Shreebhumi Sporting Club) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। যদিও ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারের মাধ্যমে। লাল-হলুদ গোলরক্ষক মামনির সৌজন্যে কন্যাশ্রী কাপ এল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে।
এই কন্যাশ্রী ক্লাবের ফাইনালের আগে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। লাল-হলুদ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে তাঁদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব নয়। কিন্তু আইএফএ তাদের অনুরোধ মেনে নেয়নি। ফলে বাধ্য হয়েই এদিন দল নামায় মশাল ব্রিগেড। লাল-হলুদ কর্তারা জানিয়েছেন, আইএফএর সিদ্ধান্তের প্রতিবাদকে সঙ্গী করেই তারা ফাইনালে দল নামিয়েছেন।
কন্যাশ্রী কাপে শ্রীভূমি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ৯০ মিনিটের টানটান লড়াই শেষ হয় ১-১ গোলে। মঙ্গলবার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন সুলঞ্জনা। তবে সেই ব্যবধান মুছে ফেলে শ্রীভূমি এফসি।
টাইব্রেকারে শ্রীভূমির জোড়া শট আটকে লাল-হলুদ শিবিরে হাসি এনে দেন গোলরক্ষক মামনি। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে ৪-২ ব্যবধানে জেতে ইস্টবেঙ্গল। এদিন মাঠে বসে ফাইনাল চুটিয়ে উপভোগ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।