দ্য ওয়াল ব্যুরো: সেয়ানে-সেয়ানে লড়াই বলতে যা বোঝাত, তা হবে না। কারণ ভারতীয় দলে থাকবেন না বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রিৎ বুমরারা। সেইজন্যই নিউজিল্যান্ড (New Zealand) দলনায়ক কেন উইলিয়ামসনও (Kane Williamson) সরিয়ে নিলেন টি ২০ সিরিজ (T20 Series) থেকে। তিনি মনে করছেন, টেস্ট সিরিজ বেশি গুরুত্বপূর্ণ, সেই হিসেবেই টি ২০ সিরিজে জুনিয়রদের সুযোগ দিতে হবে। তাই নিজেকে সরিয়ে নিলেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।
সদ্য সমাপ্ত টি ২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ভারতকে আট উইকেট দুরমুশ করেছে কিউইরা। সেদিক থেকে প্রতিশোধ নেওয়ার মঞ্চ ছিল আসন্ন সিরিজে। কিন্তু কেন উইলিয়ামসন সরে যাওয়ায় লড়াই সেইভাবে জমবে না। যদিও নিউজিল্যান্ড শিবিরে খবর, উইলিয়ামসনও টানা খেলে একটু বিশ্রাম নিতে চাইছিলেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। শেষ ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে ২১ নভেম্বর। টি-২০ সিরিজ শেষ হলে ২৫ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এই সিরিজের দিকেই তাকিয়ে উইলিয়ামসন। তিনি সেই কারণেই নিজেকে সরিয়ে নিলেন। টানা খেলে তিনিও সমানভাবে ক্লান্ত।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বুধবার। পরের দু’টি ম্যাচ শুক্র ও রবিবার। এই কারণেই উইলিয়ামসনকে সরাসরি টেস্টের দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে ইডেনের ম্যাচে উইলিয়ামসনের মতো তারকাকে দেখা যাবে না।
এদিকে তার মধ্যেই জয়পুরে অনুশীলন শুরু করে দিয়েছে কিউইরা। কাইল জেমিসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপ্সকে দুটি সিরিজেই খেলতে দেখা যাবে। মরুশহরের বিশ্বকাপ থেকে লকি ফার্গুসনকে ছিটকে দিয়েছিল চোট। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেখা যেতে পারে তাঁকে।