বজ্রের মতো দৌড়ানো এক তরুণ, যিনি এখন শিখছেন বজ্রমানবের থেকে—এই সাক্ষাৎটুকুই যেন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নতুন দিনের সূচনা।

অনিমেষের সঙ্গে বোল্ট
শেষ আপডেট: 7 October 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: বজ্রের সঙ্গে বজ্রের দেখা! মুম্বইয়ে (Mumbai) পুমা-র (Puma) আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখোমুখি অনিমেষ কুজুর (Animesh Kujur) ও উসেইন বোল্ট (Usain Bolt)। ভারতের (India) দ্রুততম মানুষ যখন দেখা করলেন বিদ্যুৎ-মানবের সঙ্গে, তখন সেটাই ভারতের অ্যাথলেটিক্স পরিসরের স্মরণীয় মুহূর্ত হয়ে উঠল।
উৎসাহে টগবগ করছিলেন ওড়িশার তরুণ দৌড়বিদ অনিমেষ। বছরজুড়ে জাতীয় রেকর্ড গড়ে চমকে দিয়েছেন। ১০০ মিটার (100m) ও ২০০ মিটার (200m) দুটি স্প্রিন্টেই নয়া নজির তাঁরই দখলে। টোকিওতে (Tokyo) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships 2025) যোগ্যতা অর্জন করেছেন, যেখানে ২০০ মিটারে অংশ নেওয়া তিনিই প্রথম ভারতীয়।
আর সেই ফর্ম নিয়েই এবার দেখা তাঁর প্রেরণাদাতার সঙ্গে! ‘লাইটনিং বোল্টে’র থেকে জানতে চাইলেন দৌড়ের খুঁটিনাটি, গতি বাড়ানোর গোপন টিপস। হাসিমুখে কিংবদন্তির পরামর্শ, ‘তুমি হাতদুটো শরীরের ওপারে নিয়ে যাচ্ছ, সেটা নয়। পেছনে-সামনে দোলাও। আমি দেখেছি, বাম হাত লক করছ, কিন্তু ডানটা ছাড়ছ। দুটোই ঠিকভাবে লক করতে হবে!’
অনিমেষ যেন প্রতিটি শব্দ শুনলেন মন দিয়ে। কারণ এই মানুষই তো তাঁর প্রেরণা, যাঁর স্টাইল অনুকরণ করেন তিনি প্রতিটি জয়ের পর—উইনিং পোজে সেই বিখ্যাত বজ্রভঙ্গি!
জাতীয় স্তরে একের পর এক পদক জিতে বছর একুশের এই স্প্রিন্টার এখন ভারতীয় অ্যাথলেটিক্সের চর্চিত মুখ। অনিমেষ, মানিকান্ত হবলিধর (Manikanta Hoblidhar), গুরিন্দরবীর সিং (Gurindervir Singh) ও অম্লান বরগোহাইন (Amlan Borgohain)—এই চারজনই মিলে দেশের দ্রুততম রিলে টিম। তাঁদের নিয়েই ২০২৬ এশিয়ান গেমসে (Asian Games 2026) ৪x১০০ মিটার রিলেতে প্রথম সোনাজয়ের স্বপ্নে আশায় বুক বাঁধছে ভারত।
প্রাক্তন স্প্রিন্টার ও বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার ভাইস প্রেসিডেন্ট আদিলে সুমারিওয়ালা (Adille Sumariwalla) ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ‘আমি নিজে স্প্রিন্টার ছিলাম। অনিমেষ ভারতের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান দৌড়বিদ। আমরা সব সময় ছ’ফুট উচ্চতার স্প্রিন্টার খুঁজছিলাম—ও-ই সেই মানুষ। ওর গতি, এক্সিলারেশন, আত্মবিশ্বাস—সবই অসাধারণ!’ তাঁর বিশ্বাস, এই অনিমেষই একদিন ভাঙবেন সেই বহুকাঙ্ক্ষিত ১০ সেকেন্ডের দেয়াল!
বজ্রের মতো দৌড়ানো এক তরুণ, যিনি এখন শিখছেন বজ্রমানবের থেকে—এই সাক্ষাৎটুকুই যেন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নতুন দিনের সূচনা।