
শেষ আপডেট: 20 November 2023 10:36
দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও সেমিফাইনালে উঠেছিল পরে। কিন্তু সেমিফাইনালে হারতে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। এ বারের বিশ্বকাপে প্রথমে ভারত এবং পরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় পাঁচ বার বিশ্বকাপ জেতা টিম। এদিকে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল ভারত। এবারের কাপ ভারত পাবে এমন আশাই করেছিলেন ১৮০ কোটি ভারতবাসী। কিন্তু স্বপ্নভঙ্গ হল। ব্যাটে-বলে ভারতকে ছারখার করল অস্ট্রেলিয়া। শেষ হাসিটা হেসে মিডিয়ার সামনে গর্বিত অধিনায়ক প্যাট কামিন্স বললেন, “সেরাটা ফাইনালের জন্যই রেখে দিয়েছিলাম।”
কথা বলে ওস্তাদের মার শেষ রাতে। তেমনটাই হল। ভারতকে একাই শেষ করে দিলেন ট্রেভিস হেড। শতরান করলেন। দলকে এগিয়ে নিয়ে গেলেন জয়ের দিকে। লাবুশেন এবং হেডের জুটির দাপটে ভারতের আশা ভেঙে গুঁড়িয়ে গেল। কামাল করেছেন কামিন্সও। আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে একটাও বাউন্ডারি হজম করতে হয়নি। এবারের বিশ্বকাপে সেরা পেসারদের মধ্যে তিনিই রয়েছেন প্রথমে।
টস জিতে কামিন্স আগে বল করার সিদ্ধান্ত নেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনেকেই মনে করেছিলেন এই পিচে আগে ব্যাট করে নিলেই বোধ হয় সুবিধা হত। কিন্তু সকলকেই ভুল প্রমাণিত করলেন কামিন্স এবং অস্ট্রেলিয়ার বাকি বোলারেরা। টস জিতে আগে বল করা হোক বা ফিল্ডিং সাজানো, সব দিকেই ছিল অস্ট্রেলিয়ার তুখোড় বুদ্ধির ছাপ। ব্যাটিংয়েও সেটা দেখালেন হেড এবং মার্নাস লাবুশেন।
টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই জয়যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়েই। ফাইনালেও সেই মুখোমুখি অস্ট্রেলিয়া। তারাও টানা আটটি ম্যাচ জিতেছে। ভারত শুরু থেকে ভাল পারফরফ্যান্স করলেও ফাইনালটা যে অন্যরকম হবে তা হয়ত জানাই ছিল। পাঁচ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া যে হার মানবে না সে ধারণা ভারতীয় টিমেরও ছিল। প্রথম ওভার থেকেই অস্ট্রেলিয়ার ফিল্ডিং সেটাই বুঝিয়ে দিচ্ছিল। তুলনায় ভারতের ফিল্ডিং অনেক দুর্বল ছিল। ২০০৩ সালের বিশ্বকাপের লিগ পর্বে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দুই দশক পর এ বারের বিশ্বকাপে ছবিটাও বদলে গেল।
কামিন্স আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, সকলকে চুপ করাবেন। দেশের জন্য ষষ্ঠ বিশ্বকাপ জিতে কামিন্স বলেন, "সত্যি বলতে এমন পরিস্থিতিতে খেলার সুযোগ হয়নি। পরিবেশটা দারুণ লাগছিল। চারিদিকে শুধুই নীল জার্সি। এরকম আবেগ কখনও দেখিনি। এমন পরিবেশে খেলা এবং বিশ্বকাপ জেতা দুর্দান্ত অনভূতি।"