
সন্তানদের সঙ্গে বিনোদ কাম্বলি
শেষ আপডেট: 20 January 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলে অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন বিনোদ কাম্বলি। একটা সময় তাঁর ধামাকাদার ব্যাটিং দেখতেই মাঠে ভিড় জমাতেন সমর্থকরা। তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। বেলাগাম জীবনযাত্রা তাঁর কেরিয়ারে ধ্বংস ডেকে এনেছিল। একটা সময় যে বাড়িতে ছুটত মদের ফোয়ারা, আজ সেখানেই নুন আনতে পান্তা ফুরোয়। পরিস্থিতি এতটাই করুণ যে দুই সন্তানের স্কুলের ফি পর্যন্ত দিতে পারছেন না বিনোদ কাম্বলি।
সম্প্রতি এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ঘনিষ্ঠ বন্ধু শৈলেশ ঠাকুর একটি মারাত্মক মন্তব্য করেছে। বেশ কয়েকমাস কাম্বলি নাকি সন্তানদের স্কুলে বেতন পর্যন্ত দিতে পারেননি। এমনকী, তাদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে। ওই ইন্টারভিউয়ে দাবি করা হয়, সন্তানদের স্কুলে বেতন দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকারের থেকে আর্থিক সাহায্যও চেয়েছিলেন বিনোদ।
উল্লেখ্য, বিনোদ কাম্বলি এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী আন্দ্রেয়া হিউয়িটের দুই সন্তান রয়েছে। ২০১০ সালে পুত্রসন্তান জেসাস ক্রিস্টিয়ানো জন্মগ্রহণ করে। আর ২০১৪ সালে সংসারে আসে কন্যা সন্তান জোহানা ক্রিস্টিয়ানা। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে কাম্বলি জানিয়েছিলেন, তাঁর ছেলে জেসাস ক্রিকেট খেলতে ভালবাসে। সে আবার বাঁ-হাতে ব্যাট করে।
বিগত কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় জর্জরিত বিনোদ কাম্বলি। এমনকী, চিকিৎসা করানোর টাকাও তাঁর কাছে নেই। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তিনি যে পেনশন পান, তাতেই কোনওক্রমে সংসার চালাতে হয়। প্রতি মাসে বিসিসিআই তাঁকে ৩০ হাজার টাকা পেনশন দেয়।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ভারতীয় ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন বিনোদ কাম্বলি। কিন্তু, তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার যথেষ্ট সংক্ষিপ্ত ছিল। গোটা কেরিয়ারে তিনি মাত্র ১৭ টেস্ট ম্যাচ খেলেন। লাল বলের ক্রিকেটে তিনি ৫৪.২ ব্যাটিং গড়ে মোট ১,০৮৪ রান করেন। কাম্বলির ব্যাট থেকে তিনটে হাফসেঞ্চুরি, চারটে সেঞ্চুরি এবং জোড়া দ্বিশতরান দেখতে পাওয়া গিয়েছে।