সব গন্তব্য আবার ফিরে আসছে ম্যাটে। স্পষ্ট ঘোষণা—কেরিয়ার থেমে যায়নি, শুধু বিরতি ছিল। লক্ষ্য পরিষ্কার—এলএ অলিম্পিক্সে পদক জয়।

ভিনেশ ফোগাট
শেষ আপডেট: 12 December 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: অবসর ভাঙলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। প্যারিস অলিম্পিক্সের পরই কুস্তি ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। রাজনীতিতে যোগও দেন। কিন্তু কয়েক সপ্তাহের বিরতি তাঁকে ফিরিয়ে আনল লড়াইয়ের ময়দানে। লক্ষ্য—লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স ২০২৮ (LA28)–এর পদক।
এক্স–এ দেওয়া পোস্টে ভিনেশ লিখেছেন, ‘মানুষ জিজ্ঞেস করছিল—প্যারিসই কি শেষ? আমিও জানতাম না। নিজেকে সময় দিতে হয়েছে। ম্যাট থেকে, চাপ থেকে, প্রত্যাশা থেকে দূরে গিয়ে শ্বাস নেওয়ার প্রয়োজন ছিল। সেই নীরবতাই সত্যিটা বুঝিয়েছে—আমি এখনও এই খেলাকে ভালবাসি!’ এখানেই শেষ নয়। ভিনেশ আরও আরও লেখেন, ‘শৃঙ্খলা, রুটিন, লড়াই… এগুলো আমার ভেতরেই আছে। আগুনটা কখনও নেভেনি। শুধু ক্লান্তি আর শব্দের আড়ালে চাপা ছিল!’ ভিনেশ জানিয়েছেন, এবার তাঁর সঙ্গে থাকছে সবচেয়ে বড় প্রেরণা—ছেলে। ‘ও-ই আমার দল, আমার চিয়ারলিডার!’ লিখেছেন তিনি।
প্যারিসে ইতিহাস গড়েছিলেন ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সে তাক লাগান। জাপানের চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইউই সুসাকিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত। সারা দেশ জানত, অন্তত রুপো নিশ্চিত। কিন্তু ফাইনালের কয়েক ঘণ্টা আগে নিয়মিত ওজন পরীক্ষায় দেখা যায়—১০০ গ্রাম বেশি। বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, যে কোনও পর্যায়ের ওজন পরীক্ষায় ব্যর্থ হলেই আগের সব ফল ‘অকার্যকর’।
ভিনেশ দাবি তুলেছিলেন—প্রথম দিনের তিনটি বাউট জিতে যে রুপো নিশ্চিত, সেটি অন্তত দেওয়া উচিত। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট (CAS) সেই আবেদন খারিজ করে দেয়। ফলে ঐতিহাসিক পারফরম্যান্স সত্ত্বেও ভিনেশকে দেশে ফিরতে হয় শূন্য হাতে।
ভারতে ফিরেই বিপুল অভ্যর্থনা জানানো হয় ভিনেশকে। এরপর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত—রাজনীতিতে যোগ! কংগ্রেসের হয়ে হরিয়ানার জিন্দ জেলার জুলানা কেন্দ্রে ভোটে লড়েন এবং জেতেন বিজেপির যোগেশ বজরঙ্গিকে হারিয়ে। তাঁর পরিবারে কুস্তি থেকে রাজনীতিতে আসা নতুন নয়। ভাইপো ববিতা ফোগাট ২০১৯ সালে চর্হি দাদরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও জয়ের মুখ দেখেননি।
এখন সব গন্তব্য আবার ফিরে আসছে ম্যাটে। স্পষ্ট ঘোষণা—কেরিয়ার থেমে যায়নি, শুধু বিরতি ছিল। লক্ষ্য পরিষ্কার—এলএ অলিম্পিক্সে পদক জয়।