মাত্র ১৫ বছর বয়সে জসপ্রীত বুমরাহকে প্রথম বলেই ছক্কা! গুয়াহাটিতে বৈভব সূর্যবংশীর দুরন্ত ইনিংস চমকে দিল ক্রিকেট বিশ্বকে।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 7 April 2026 23:29
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নাস্তানাবুদ করে নিজের প্রতিভা ধরে রাখলেন এই তরুণ। গুয়াহাটির বর্ষাপাড়ায় বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হতেই ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে টসের পর দীর্ঘক্ষণ বৃষ্টি চলায় খেলার দৈর্ঘ্য কমিয়ে ১১ ওভার করা হয়। কিন্তু সময়ের অভাবে বৈভবের আগ্রাসনে কোনো খামতি ছিল না। রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মুখোমুখি হন জসপ্রীত বুমরাহ ও বৈভব সূর্যবংশী। অভিজ্ঞ বুমরাহর প্রথম ডেলিভারিটিকেই অবলীলায় মিড-অনের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন বৈভব। বুমরাহর মতো বিশ্বসেরা বোলারকে প্রথম বলেই ছক্কা মারা যেখানে অনেক অভিজ্ঞ ব্যাটারের কাছেও স্বপ্নের মতো, সেখানে ১৫ বছরের এই কিশোর তা করে দেখালেন অত্যন্ত সাবলীলভাবে।
Did that really just happen? 🤯
Vaibhav Sooryavanshi takes on Jasprit Bumrah and sends the very first ball for six 🔥#TATAIPL 2026 | #RRvMI | LIVE NOW 👉 https://t.co/Dc4qz69QC4 pic.twitter.com/StgUliQxj7— Star Sports (@StarSportsIndia) April 7, 2026
একটি ছক্কাতেই থেমে থাকেননি বৈভব। সেই ওভারেই বুমরাহকে আরও একটি বিশাল ছক্কা হাঁকান তিনি। এবার বল আছড়ে পড়ে ডিপ স্কোয়ার লেগ গ্যালারিতে। নিজের বলে এমন আক্রমণ দেখে হতবাক হয়ে যান খোদ বুমরাহও। পাল্টা বিরক্তি না দেখিয়ে ছোটখাটো গড়নের এই ব্যাটারের দাপট দেখে কেবল এক চিলতে হাসি ফুটে ওঠে বুমরাহর মুখে।
বৃষ্টিবিঘ্নিত এই ছোট ফরম্যাটের ম্যাচে বৈভবের এই ইনিংস রাজস্থান রয়্যালসকে যেমন উড়ন্ত সূচনা দিয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বে আরও একবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এই বিস্ময় বালককে।