KKR vs PBKS ম্যাচ ভেস্তে গেলে কি টিকিটের টাকা ফেরত মেলে?

ফাইল চিত্র
শেষ আপডেট: 7 April 2026 19:41
দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ৬ এপ্রিল কলকাতা ও পাঞ্জাবের (KKR vs PBKS) ম্যাচে মাত্র ৩.৪ ওভার (২২ বল) খেলা হয়েছিল। এরপর কালবৈশাখীর কারণে আর খেলা সম্ভব হয়নি। ফলে নিয়ম অনুযায়ী দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে। পয়েন্ট টেবলের দিক থেকে বিষয়টি স্বাভাবিক হলেও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কারণ, তারা দাম দিয়ে টিকিট কেটে ম্যাচ দেখতে এসে পুরো খেলা উপভোগ করতে পারেননি, উপরন্তু অনেকেই বৃষ্টিতে ভিজেছেন।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ম্যাচ বাতিল হওয়ায় দর্শকরা কি টিকিটের টাকা ফেরত পাবেন?
কলকাতা দলের হোম ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে BookMyShow। এই সংস্থার একটি নির্দিষ্ট রিফান্ড পলিসি আছে। সেই পলিসি অনুযায়ী, যদি ম্যাচে একটিও বল না খেলা হয়, তাহলে টিকিটের বেস প্রাইস সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।
কিন্তু এই ম্যাচে যেহেতু ৩.৪ ওভার খেলা হয়েছে, তাই ‘নো প্লে রিফান্ড’ নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ, একটিও বল না হওয়ার শর্ত পূরণ হয়নি। নিয়ম অনুযায়ী, ম্যাচে একটি লিগ্যাল বল হলেও টিকিটের টাকা ফেরত দেওয়া বাধ্যতামূলক নয়।
তাই আইনের দিক থেকে দর্শকরা রিফান্ড পাওয়ার দাবি করতে পারেন না। তবে দর্শকদের কথা ভেবে CAB বা KKR চাইলে নিজেদের উদ্যোগে কিছু সুবিধা দিতে পারে। যেমন- পুরো টাকা না ফেরালেও ভবিষ্যতের ম্যাচের টিকিটে ছাড় দেওয়া হতে পারে।
উল্লেখ্য, IPL-এ সাধারণত একটি ম্যাচের ফল নির্ধারণ করতে দুই দলকেই অন্তত ৫ ওভার করে খেলানোর চেষ্টা করা হয় (মোট ১০ ওভার)। কিন্তু এই ম্যাচে সেটাও সম্ভব হয়নি।