টি-২০ বিশ্বকাপ বয়কটের বড় মাশুল গুনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড! বরখাস্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি পরিচালনার দায়িত্বে ১১ সদস্যের অন্তর্বর্তী কমিটি, যার নেতৃত্বে কিংবদন্তি তামিম ইকবাল। বিস্তারিত পড়ুন।

আমিনুল ইসলাম বুলবুল
শেষ আপডেট: 7 April 2026 17:44
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ বয়কটের ক্ষত এখনও শুকায়নি। সেই বিপর্যয়ের জের ধরে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ (NSC)। মঙ্গলবার এই সিদ্ধান্তের পর বিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটিকে— যার নেতৃত্বে বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল (Tamim Iqbal)।
বিসিবির সূত্র জানাচ্ছে, আসল কারণ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) বয়কটের বিতর্কিত সিদ্ধান্ত। সেই সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল—যিনি ভারত-বিরোধী কঠোর মনোভাবের জন্য পরিচিত—বুলবুলকে বেশ চাপে রেখেছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠাতে দেননি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের প্রতিবাদে কলকাতা ও মুম্বইয়ের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি তোলেন। পুরো ঘটনায় বুলবুল কার্যত ‘নীরব দর্শক’—কোনও সক্রিয় ভূমিকা নেননি। এই নিষ্ক্রিয়তাই শেষ পর্যন্ত তাঁর অপসারণের কারণ হল। তার উপর বিগত কয়েক দিন বিসিবির ছ’জন পরিচালক তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। বুলবুল-বিদায়ে যা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করছে বাংলাদেশের ক্রিকেট মহল।
১১ সদস্যের অন্তর্বর্তী কমিটিতে তামিম ইকবাল সভাপতি। সঙ্গী আতহার আলি খান (Athar Ali Khan), রাশনা ইমাম, মিনহাজুল আবেদিন নান্নু-সহ আরও ৮ জন। কমিটির কাজ—আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নতুন নির্বাচন সম্পন্ন করা। এনএসসি পরিচালক আমিনুল এহসানের বক্তব্য, এই সিদ্ধান্ত আইসিসিকেও (ICC) জানানো হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ। কিন্তু যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত, তাই আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা কম।
উল্লেখ্য, বয়কটের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যোগাযোগ করেছে। এই পটভূমিতে বুলবুলের অপসারণ এবং তামিমের নেতৃত্বে নতুন কমিটি—বাংলাদেশ ক্রিকেটের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।