ফর্ম নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে অবসরের ঘোষণা উসমান খোয়াজার। চলতি অ্যাসেজের সিডনি টেস্টই হবে অজি তারকার টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ।

উসমান খোয়াজা
শেষ আপডেট: 2 January 2026 09:54
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিন ধরেই তাঁকে ঘিরে চলছিল জল্পনা। ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রকাশ্যেই প্রশ্ন তুলছিলেন তাঁর ভবিষ্যৎ নিয়ে। কেউ কেউ অবসর (Retirement) নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা (Usman Khawaja)। শুক্রবার ঘোষণা করলেন, চলতি অ্যাসেজের সিডনি টেস্টই হবে তাঁর টেস্ট (Sydney Test) কেরিয়ারের শেষ ম্যাচ।
চিরপরিচিত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে অবসর ঘোষণার সময় আবেগ সামলাতে পারেননি খোয়াজা। স্ত্রী র্যাচেল এবং দুই সন্তানকে পাশে নিয়ে তিনি বলেন, “কয়েক দিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলাম। অ্যাসেজে নামার সময়েও মনে হচ্ছিল, এটা হয়তো আমার শেষ সিরিজ।”
এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল খোয়াজার। আর সেই মাঠেই কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন তিনি, এক অদ্ভুত অথচ স্মরণীয় সমাপতন। এখনও পর্যন্ত ৮৭টি টেস্টে ৬,২০৬ রান করেছেন খোয়াজা। তাঁর গড় ৪৩.৩৯। কেরিয়ারে রয়েছে ১৬টি শতরান এবং ২৮টি অর্ধশতরান। ব্যক্তিগত সেরা ইনিংস ২৩২ রান। ৮৮তম টেস্টে নামার আগে নতুন রেকর্ড গড়ার সুযোগও ছিল তাঁর সামনে।
আগামী বছর অস্ট্রেলিয়ার ভারত সফরে দলের সঙ্গে যাওয়ার ইচ্ছাও ছিল খোয়াজার। সে কথাও তিনি এ দিন নিজেই স্বীকার করেন। জানান, “এই নিয়ে র্যাচেলের সঙ্গে আলোচনা করেছিলাম। জানতাম, এটা একটা বড় সুযোগ। কয়েক দিন আগে অ্যান্ড্রুকেও বলেছিলাম। ভারত সফরে আমাকে দলে রাখার বিষয়টি নিয়ে চিন্তাভাবনাও চলছিল।”
তবে বাস্তবটা প্রত্যাশামতো হয়নি। অ্যাসেজের দ্বিতীয় টেস্টেই দল থেকে বাদ পড়েন তিনি। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি ধারাভাষ্যকাররাও তখন অবসর নেওয়ার দিকেই ইঙ্গিত দিয়েছিলেন। সেই বাদ পড়াই শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দেয়। খোয়াজার কথায়, “ওটা আমার কাছে একটা স্পষ্ট ইঙ্গিত ছিল, ঠিক আছে, এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।”