গত মাসের শেষদিকে প্র্যাকটিস চলাকালীন হঠাৎ করেই অবসন্ন হয়ে পড়েন ব্রিজেশ৷ তক্ষুনি তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নয়ডার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হন।

ব্রিজেশ সোলাঙ্কি
শেষ আপডেট: 2 July 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: বিপদে পড়া কুকুরছানাকে বাঁচাতে এগিয়ে যান। উদ্ধার করেন ঠিকই। কিন্তু ঘটনাচক্রে কুকুরছানা কামড়ে দেয়। তেমন আমল দেননি। নেননি কোনও টিকা। তিন মাস বাদে এরই মাশুল গুনে জলাতঙ্কে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের কাবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কি।
মৃত্যুর কয়েক দিন আগে একটি ভিডিও সামনে আসে। যেখানে দেখা যায় বিছানায় শুয়ে অকথ্য যন্ত্রণায় ছটফট করছেন, কাতরে চলেছেন ব্রিজেশ। টিকা না নেওয়াই কি কাল হল? মেনে নিয়েছেন তাঁর কোচ প্রবীণ কুমার। বলেছেন, ‘ব্রিজেশ হাতের ব্যথাকে কাবাডি খেলতে গিয়ে পাওয়া চোট বলে ভুল করে। কামড়টা সামান্য ছিল ঠিকই। তাই ও নিজেও সেটাকে তেমন গুরুত্ব দেয়নি। নেয়নি ভ্যাকসিন।’
গত মাসের শেষদিকে প্র্যাকটিস চলাকালীন হঠাৎ করেই অবসন্ন হয়ে পড়েন ব্রিজেশ৷ তক্ষুনি তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নয়ডার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হন।
এই প্রসঙ্গে সরকারি গাফিলতির অভিযোগ তুলেছেন ব্রিজেশের ভাই সন্দীপ কুমার। তাঁর দাবি: রাজ্যের সরকারি হাসপাতাল মুখ ফিরিয়ে নেয়। চিকিৎসা করতে রাজি হয়নি। আর তখনই আচমকা অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্দীপ বলেন, ‘হঠাৎ করেই দাদা জলে ভয় পেতে শুরু করে৷ জলাতঙ্কের সমস্ত লক্ষণ ফুটে ওঠে। সেই সময় খুরজা, আলিগড় এমনকী দিল্লির সরকারি হাসপাতাল ভর্তি নিতে অস্বীকার করে। নয়ডা নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন দাদার জলাতঙ্ক হয়েছে।’
এই টালবাহানার মধ্যেই ২৮ জুন মারা যান বুলান্দশহরের ফারানার বাসিন্দা ব্রিজেশ সোলাঙ্কি। রাজ্যস্তরের কাবাড়ি খেলোয়াড়কে শেষ বিদায় জানাতে ভেঙে পড়ে গ্রাম।