ওয়াশিংটন আর ওয়াডার সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। শুরু ২০১৪ অলিম্পিক্সের আগে রাশিয়ার ডোপিং কেলেঙ্কারি নিয়ে ওয়াডার দুর্বল ভূমিকায় আমেরিকার ‘হতাশা’ থেকে।

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্প
শেষ আপডেট: 15 March 2026 12:49
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ মার্কিন মুলুকে। অলিম্পিক্সও। কিন্তু সেই দুটো মহাযজ্ঞ থেকেই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও মার্কিন সরকারি আধিকারিকদের বার করে দেওয়ার কথা ভাবছে বিশ্ব ডোপ-বিরোধী সংস্থা ‘ওয়াডা’ (WADA)। অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা নথি বলছে, আগামী মঙ্গলবার ওয়াডার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই প্রস্তাব আলোচনায় উঠবে। কারণটা সহজ—২০২৩ সাল থেকে বার্ষিক চাঁদা দেয়নি আমেরিকা। বকেয়ার পরিমাণ এখন প্রায় ৭৩ লক্ষ মার্কিন ডলার।
ঝগড়ার শুরু কোথায়, কীভাবে?
ওয়াশিংটন আর ওয়াডার সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। শুরু ২০১৪ অলিম্পিক্সের আগে রাশিয়ার ডোপিং কেলেঙ্কারি নিয়ে ওয়াডার দুর্বল ভূমিকায় আমেরিকার ‘হতাশা’ থেকে। তারপর ২০২৪ সালে আরেক দফা। যখন প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ২৩ জন চিনা সাঁতারু নিষিদ্ধ পদার্থ সেবনে ধরা পড়েও ছাড় পেয়ে গেলেন। ওয়াডা চিনা কর্তৃপক্ষের ব্যাখ্যা মেনে নিল—হোটেলের রান্নাঘরে ওই ওষুধের সামান্য উপস্থিতি থেকে 'দুর্ঘটনাবশত' শরীরে ঢুকেছে।
এই সিদ্ধান্তে তেলেবেগুনে জ্বলে ওঠে আমেরিকা। শুধু ট্রাম্প জমানায় নয়, বাইডেন প্রশাসনও ওয়াডার চাঁদা দিতে অস্বীকার করে। বিরল ঘটনা—দুই দলের একমত হওয়া। মার্কিন ড্রাগ নিয়ন্ত্রণ দফতরের প্রধান সারা কার্টারের স্পষ্ট বক্তব্য, 'ওয়াডার হুমকিতে আমরা অবস্থান বদলাব না। স্বচ্ছতা ও জবাবদিহি চাই।'
নিষেধাজ্ঞা কি আদৌ সম্ভব?
বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে, সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। ওয়াডার প্রাক্তন এক্সিকিউটিভ কমিটির সদস্য রাহুল গুপ্ত—যিনি ২০২৪ সালে একটি একই রকম প্রস্তাব আটকে দেন—রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে মেরে বলেন, '৫ কোটি ডলার বাজেটের এক সুইস সংস্থা আমেরিকার প্রেসিডেন্টকে কোথাও যেতে আটকাবে—এটা হাস্যকর। ইন্টারপোলের রেড নোটিস জারি করবে নাকি?'
ওয়াডার মুখপাত্র জেমস ফিটজেরাল্ড জানিয়েছেন, প্রস্তাব পাশ হলেও তা পূর্ববর্তী ঘটনায় প্রযোজ্য হবে না। অর্থাৎ, এ বছরের ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রভাব না পড়ার সম্ভাবনাই জোরালো। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফাউন্ডেশন বোর্ড—যার পরবর্তী বৈঠক নভেম্বরে। আইওসি (IOC), ফিফা ও মার্কিন অলিম্পিক কমিটি এখনও মন্তব্য করতে রাজি হয়নি।
আপাতত তাই এই প্রস্তাব হুমকির চেয়ে বেশি কিছু নয়—তবে দুই পক্ষের দ্বন্দ্ব যে আরও জটিল হচ্ছে, সেটা ক্রমশ স্পষ্ট।