প্রত্যেক বছর ডুরান্ড কাপের টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয় সমর্থকদের।

শেষ আপডেট: 17 July 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতবার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হল ১৩৪ তম ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন রাজেশ কুমার সিনহা, অরূপ বিশ্বাস, জেনারেল মোহিত মালহোত্রা, জেনারেল রাজেশ অরুন মোগা।
এই বছর ডুরান্ড কাপ খেলা হবে পাঁচটি শহরে। এই ভেন্যুগুলি হল, কলকাতা, জামশেদপুর, শিলং, কোকড়াঝাড় ও ইম্ফল।
এই বছর কলকাতা থেকে চারটি দল খেলবে ডুরান্ড কাপে। মোহনবাগান সুপার জায়েন্ট, ইমামি ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার ছাড়াও এবার প্রথম ডুরান্ড খেলবে নামধারী এফসি ও সাউথ ইউনাইটেড।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত অরূপ বিশ্বাস বলেন, 'ডুরান্ড কাপ হল এশিয়ার মধ্যে প্রথম তিনটি লিগের মধ্যে অন্যতম। এশিয়ার সব থেকে প্রাচীন লিগ। আমি চাই যে দলগুলি ডুরান্ড কাপে অংশ গ্রহণ করেছে তারা তাদের সেরাটা দিক। এই বছর মালয়েশিয়ার এবং নেপাল থেকে দল অংশ গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা জমে উঠবে তা বলা যেতেই পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ২৩ জুলাই এই ডুরান্ড কাপের শুভ উদ্বোধন করবেন।'

প্রত্যেক বছর ডুরান্ড কাপের টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয় সমর্থকদের। ডার্বি ম্যাচের টিকিট নিয়ে বেশ সমস্যার মুখ দেখতে হয়েছে লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকদের। কিন্তু এই সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস জানান, যুবভারতী এবং কিশোর ভারতিতে এই বছর হাউজফুল টিকিট দেওয়া হবে। অরূপ বিশ্বাসের এই মন্তব্যে টিকিটের জন্য আর সমস্যার মুখে পড়তে হবে না তা আশা করা যায়।
তিনি আরও বলেন কলকাতার "মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ও ডায়মন্ড হারবার এফসির জন্য টিকিট আছে। আইফএ-কেও ডুরান্ড কাপের টিকিট দেওয়া হবে।'
কিশোর ভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল, মহামেডান ডায়মন্ড হারবার এফসি জেনারেল টিকিট পাবে ২০০০টি করে, বক্স টিকিট পাবে ৩০টি, আপার টায়ার পাবে ২০০ টি টিকিট। আইএফএ পাবে জেনারেল টিকিট ৫০০, বক্স ২০ টা এবং আপার টায়ার ১০০ টা।'