
ভেস্তে গেল ভারত-বাংলাদেশের তৃতীয় দিনের খেলাও
শেষ আপডেট: 29 September 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দিনে মেরেকেটে খেলা হয়েছিল ৩৫ ওভার। দ্বিতীয়দিনে বলই গড়ায়নি মাঠে। তৃতীয়দিনে বৃষ্টি না হলেও মাঠের অবস্থা এতটাই খারাপ যে শুরুই করা গেল না ম্যাচ। ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের তৃতীয় দিন অর্থাৎ রবিবারের ছবিটা ঠিক এমনই।
রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও সকাল সকাল সরিয়ে দেওয়া হয় মাঠের কভার। কিন্তু তাতেও লাভের লাভ হল না। শেষমেশ পরিস্থিতি খতিয়ে দেখে আউটফিল্ড একেবারে খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ শুরুর ঝুঁকিই নিলেন না আম্পায়াররা। দুপুর ১২টার সময় মাঠ পরিদর্শন, আউটফিল্ড বারবার পরীক্ষা করা হলেও শেষমেশ বলই গড়াল না কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে।
এদিন দু'দলের কয়েকজন সাপোর্ট স্টাফ মাঠে এলেও ক্রিকেটারদের দেখা মেলেনি সাজঘরে। আসলে কানপুরের আকাশে মেঘের আনাগোনা বাড়তেই এদিন কমে আসে আলোও। শেষমেশ দুপুর ২টোর সময় মাঠ পরিদর্শন করলেও খারাপ আবহাওয়ার কারণে ফের ভেস্তে গেল ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও।
সূত্রের খবর, বৃষ্টি থামলেও আউটফিল্ড এখনও ভিজে। একেই রবিবার রোদের দেখা নেই, তারওপরে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরকম অবস্থায় কানপুরের দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে বাংলাদেশের থেকেও বড় সমস্যায় পড়তে পারে রোহিত অ্যান্ড কোং। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ১০ ম্যাচ খেলার পর ভারতের পয়েন্ট ৭১.৬৭ শতাংশ।
কানপুর টেস্ট কোনওভাবে ড্র হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পরবর্তী আটটি টেস্টের মধ্যে পাঁচটি জিততেই হবে ভারতকে। বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে কিউয়িদের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচটি টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে অন্তত দুটি দলের থেকে বেশি পয়েন্ট রাখতে পারলেই লর্ডসে ফাইনাল খেলবেন রোহিত, কোহলিরা।
আপাতত সকলের নজর গ্রিন পার্ক স্টেডিয়ামে। কবে বৃষ্টির ভ্রুকুটি কেটে মাঠে বল গড়াবে সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।