রাধিকা যাদব হরিয়ানার রাজ্যস্তরের লং টেনিস খেলোয়াড়। একাধিক টুর্নামেন্টে পদক জিতেছেন। নিজে একটি টেনিস অ্যাকাডেমিও চালাতেন এলাকায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 July 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: বাবার হাতে গুলিবিদ্ধ হলেন হরিয়ানার টেনিস খোলোয়াড় রাধিকা যাদব। বাড়িতেই গুলি করে খুন করেন তাঁর বাবা। ঠিক কী কারণে হত্যা, তা এখনও বুঝতে পারছে না পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৭ এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁদের ফ্ল্যাটে এই হামলার ঘটনা হয়। সেখানে বাবা-মায়ের সঙ্গে একাই থাকতেন রাধিকা। অভিযোগ, নিজের রিভলভার থেকে পরপর তিনটি গুলি চালান খেলোয়াড়ের বাবা।
প্রতিবেশীরা জানাচ্ছেন, গুলির আঘাতে রাধিকা গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়, চিকিৎসা শুরু হতেই মৃত্যু হয় তাঁর।
কে ছিলেন রাধিকা?
রাধিকা যাদব হরিয়ানার রাজ্যস্তরের লং টেনিস খেলোয়াড়। একাধিক টুর্নামেন্টে পদক জিতেছেন। নিজে একটি টেনিস অ্যাকাডেমিও চালাতেন এলাকায়, যেখানে প্রশিক্ষণ দিতেন উঠতি খেলোয়াড়দের। টেনিস মহলে পরিচিত মুখ ছিলেন ২৫ বছর বয়সি এই যুবতী।
মৃতার কাকার সঙ্গে কথা বলেও ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পারেনি পুলিশ। সেক্টর ৫৬ থানার অফিসার জানিয়েছেন, 'আমরা হাসপাতালে খবর পাই যে ২৫ বছরের এক যুবতীর মৃত্যু হয়েছে, তাঁর শরীরে তিনটি গুলির ক্ষত রয়েছে। পরে বাড়িতে গিয়ে জানতে পারি, তাঁর বাবা তাঁকে গুলি করেছেন।'
ঘটনার পর খেলোয়াড়ের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহৃত রিভলভারও।
এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত ক্রীড়ামহল। প্রিয় প্রশিক্ষককে হারিয়ে শোকস্তব্ধ রাধিকার ছাত্রছাত্রীরাও।