টুর্নামেন্টের নিয়মে খেলোয়াড় চাইলে নির্দিষ্ট দর্শককে নিষিদ্ধ করতে পারেন। কিন্তু মুচোভা তেমন কিছু করেননি।

করোলিনা মুচোভা
শেষ আপডেট: 2 September 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: আসতে মানা। তবু তিনি চলে আসেন!
তাঁকে দেখলে টলটলে পুকুরে ঢিল পড়ে। সার্ভিসের শক্তি আচমকা উধাও। আনফোর্সড এররের ছড়াছড়ি। ব্যাকহ্যান্ডের ব্যাকরণও ক্ষণিকের জন্য ভুলে যান।
তাই তাঁর আসতে মানা। তবু তিনি চলে আসেন!
যেমনটা এসেছিলেন দিনকয়েক আগে, ইউএস ওপেনের সেকেন্ড রাউন্ডে। সার্ভ করতে মুখ তুলেছেন যেই, আচমকা চোখাচোখি। চকিতে সবকিছু গুলিয়ে লাট! পরিকল্পনা, রণকৌশল বেমালুম মাথা থেকে গেল উবে! কোর্টে হঠাৎ থমকালেন, চোখে জল, দর্শক-আসনে হাত তুলে ইশারা… প্রাক্তন প্রেমিককে দেখে ইউএস ওপেনের মঞ্চে এভাবেই নুয়ে পড়েন করোলিনা মুচোভা (Karolína Muchová)। ইস্পাতকঠিন স্নায়ু তখন ভেঙেচুরে খান খান! গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের এই দৃশ্য আর সমস্ত দুর্দান্ত, দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে!
সেকেন্ড রাউন্ডের দ্বৈরথের প্রথম সেটে সোরানা কির্স্তেয়ার (Sorana Cirstea) কাছে ১-৪ পিছিয়ে। সার্ভিস করার সময়ই আচমকা স্তব্ধ হয়ে যান চেক তারকা। চেয়ার আম্পায়ারের কাছে ক্ষমা চেয়ে তোয়ালে দিয়ে চোখ মোছেন। দর্শকাসনে গুঞ্জন, ফিসফাস। সবই তো ঠিক ছিল। হঠাৎ কী হল? কোথাও চোট পেলেন করোলিনা? লড়াই ছেড়ে দেবেন?
জল্পনা ভেঙে ফের যদিও কোর্টে নেমে পড়েন। কিছুটা হতোদ্যম, কিছুটা অবসন্ন লাগলেও শেষ করেন ম্যাচ। কেটে ফেলেন পরের রাউন্ডের টিকিটও। কিন্তু আচমকা মুখ ঢেকে বসে পড়ার আড়ালে কী কারণ?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই খোলসা ধরেন সেই রহস্য। অকপটে বলেন, ‘এর সঙ্গে টেনিসের কোনও সম্পর্ক নেই। আমার উল্টোদিকেই বসেছিল প্রাক্তন প্রেমিক। ও মাঝে মাঝে এমন জায়গায় আসে, যেখানে আসার কথা নয়। আমাকে চমকে দেয়। আজও দিয়েছে। ওকে ইশারায় চলে যেতে বলেছিলাম। প্রথমে যায়নি। পরে কথা শোনে। চলে যায়। আর তখনই মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে গিয়েছিল!’
অস্বস্তি সত্ত্বেও লড়াই চালিয়ে যান। তিন সেটের ম্যারাথনে জয় তুলে নেন—৭-৬, ৬-৭, ৬-৪ স্কোরলাইনে। দিনকয়েক আগে ভেনাস উইলিয়ামসকে হারানো করোলিনা বুঝিয়ে দিলেন, স্রেফ কোর্টের যুদ্ধে নয়, ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টা সামলে নিজের পুরোটা উজাড় করে দিতেও তিনি কসুর করেন না!
কাল তৃতীয় রাউন্ডে লিন্ডা নস্কোভাকে হারিয়েছেন। তবু প্রাক্তনকে নিয়ে চর্চা যেন যাওয়ার নয়! ফের উঠেছে সেই প্রসঙ্গ। আবার দিয়েছেন জবাব। তবে অনেকটাই স্থির কণ্ঠে। করোলিনার কথায়, ‘হ্যাঁ, আমি এখন ঠিক আছি। কোনও অভিযোগ জানাইনি। সবকিছুই ঠিকঠাক!’
আবার এমন হতে পারে কি? প্রশ্নের জবাবে কাঁধ ঝাঁকিয়ে শুধু বললেন—‘কে জানে? আমার জানা নেই!’
টুর্নামেন্টের নিয়মে খেলোয়াড় চাইলে নির্দিষ্ট দর্শককে নিষিদ্ধ করতে পারেন। কিন্তু মুচোভা তেমন কিছু করেননি। তৃতীয় রাউন্ডে প্রথম সেট টাই-ব্রেকে হেরে গিয়েও বাকি দুই সেট ৬-৪, ৬-২ স্কোরে জিতে নেন। চতুর্থ রাউন্ডে মার্টা কোস্টিউকের বিরুদ্ধে আবারও তিন সেটের পরীক্ষা। ৬-৩-এ প্রথম সেট জেতার পর পরেরটা টাইব্রেকে হেরে যান। কিন্তু চূড়ান্ত সেটে মুচোভা যেন নতুন মেজাজে ধরা দেন। ৬-৩-এ জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। এখন সামনে বিশাল চ্যালেঞ্জ। প্রতিপক্ষ নাওমি ওসাকা (Naomi Osaka)। চতুর্থ রাউন্ডে কোকো গফকে (Coco Gauff) স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়া জাপানি তারকা যে ছন্দে ফিরেছেন, তাতে লড়াই হতে চলেছে: ‘রেজিলিয়েন্স বনাম রিসার্জেন্স’!