
ইডেনে দুরন্ত মেজাজে কেকেআরের দুই ওপেনার নারিন ও সল্ট।
শেষ আপডেট: 26 April 2024 21:39
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। তিনি গত ম্যাচেই যা রান পাননি, না হলে ইডেনে ঘরের মাঠে দর্শকদের আনন্দ দেওয়ার দায়িত্ব একাই নিয়ে নিয়েছেন। নারিন শুক্রবার পাঞ্জাব কিংস বোলিংকে ধ্বংস করে তুলেছেন ৩২ বলে ৭১ রান। আর সঙ্গী ওপেনার ফিল সল্ট করেছেন ৩৭ বলে ৭৫ রান। ইনিংসে রয়েছে ছ’টি বাউন্ডারি ও একই সংখ্যক ওভার বাউন্টারি। কেকেআর কিংসের বিরুদ্ধে ২০ ওভারে শেষ করল ২৬১ রানে। শেষ বলে রান আউট হয়েছেন ভেঙ্কটেশ। নাইটদের ছয় উইকেট পড়েছে।
নারিন ব্যাটিং করলে যে দর্শকদের সিটবেল্ট পরে বসে থাকতে হয়, সেটি এদিনও দেখা গিয়েছে। নারিন ও সল্ট শুরুই করেছেন সুনামি ঢঙে। নারিনদের দৌলতে পাঁচ ওভারেই ৭০ রান করে ফেলে কেকেআর। ১০ ওভারে কলকাতা তুলে দিয়েছে ১৩৭ রান। সেইসময়ই বোঝা গিয়েছিল এদিনও কলকাতা বাড় রানের দিকে এগোচ্ছে। নারিনের ইনিংসে রয়েছে নয়টি চার ও চারটি ছক্কা। ওপেনিং জুটিতেই হয়েছে ১৩৮ রান। প্রথমে আউট নারিন, তিনি আউট হন চাহারের বলে। তারপর সল্টকে তুলে নেন কারেন।
দুই ওপেনার বিধ্বংসী মেজাজে শেষ করার পরে বাকিরাও সমান তালে রান তুলেছেন। তিনে নামা ভেঙ্কটেশ আইয়ার করেছেন ২২ বলে ৩৯ রান। তারপর রাসেল (১২ বলে ২৪) ও শ্রেয়স আইয়ারও (১০ বলে ২৮) দুরন্ত গতিতে রান তোলেন। শেষ ওভারে হর্ষল প্যাটেলকে মারতে গিয়ে আউট হন রিঙ্কু (৫)।
পাঞ্জাব কিংসের বোলাররা পেরে ওঠেননি। শুরু থেকেই নাইটদের পরিকল্পনা ছিল, দ্রুত রান তোলা গত ম্যাচগুলির মতোই। সেই কাজটি করেছেন নারিন ও সল্ট। গৌতম গম্ভীরের জন্যই নারিনের প্রত্যাবর্তন হয়েছে। তাঁকে নাইট কর্তৃপক্ষ বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সেই অবস্থা থেকে নারিন এই বয়সেও বোঝালেন তিনি টি ২০ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।