প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে আশাজাগানো শুরুয়াত করেও দিব্যা তার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেননি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কালো ঘুঁটি হাতে নতুন মেজাজে ধরা দেন নাগপুরের অষ্টাদশী দাবাড়ু।

দিব্যা ও হাম্পি
শেষ আপডেট: 28 July 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালের (FIDE Women's World Cup 2025 Final) মঞ্চে ভারতের দুই তারকা। একদিকে অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি (Koneru Humpy), অন্যদিকে তরুণ ইন্টারন্যাশনাল মাস্টার দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। বয়সের তফাত যতই থাক, আত্মবিশ্বাসে কিন্তু কেউ কম যান না, তার প্রমাণ মিলেছিল প্রথম গেমে। তা অমীমাংসিতভাবে শেষ হয়।
আগের দিনের দুর্দান্ত পারফরম্যান্সের আত্মবিশ্বাসে রবিবার দ্বিতীয় গেমেও নিখুঁত ডিফেন্স সাজিয়ে হাম্পিকে ঠেকিয়ে রাখলেন দিব্যা। ফের খেলার ফল ড্র। আর তাতেই লড়াই গড়াল ফাইনাল টাইব্রেকারে।
প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে আশাজাগানো শুরুয়াত করেও দিব্যা তার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেননি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কালো ঘুঁটি হাতে নতুন মেজাজে ধরা দেন নাগপুরের অষ্টাদশী দাবাড়ু। হাম্পি শুরু করেছিলেন কুইনস পন ওপেনিং দিয়ে। দু’টো বিশপের কাজে লাগিয়ে শুরুতে তাত্ক্ষণিক কৌশলগত সুবিধা পেলেও দিব্যার রক্ষাকবচে তা আটকে যায়। তিনি বুঝেছিলেন—ঘোড়াগুলো ঠিকঠাক জায়গায় বসাতে পারলে সাদা ঘুঁটির বিস্তার আটকে দেওয়া সম্ভব। পরিকল্পনা মেনে ঠিক তেমনটাই করলেন। দুটি বোড়ে পাল্টানোর পরে দুই তরফই রুক বদলে ফেলেন। শেষে লড়াই এক রানি ও এক ঘুঁটির রুদ্ধদ্বার এন্ডগেমে গিয়ে দাঁড়ায়।
এই পর্বে হাম্পি একটু হলেও ঝুঁকি নিতে চেয়েছিলেন। শেষপর্যন্ত একটা পন দাবা দিয়ে কৌশলী লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু বদলে হারান তাঁর বিশপ জুটি। যদিও এক পন এগিয়ে ছিলেন দিব্যা, তবুও তাঁর ঘুঁটির সজ্জায় বেশ কিছু দুর্বলতা ছিল। হাম্পি ধীরে ধীরে সেই নড়বড়ে জায়গায় আঘাত করে পন ফেরত পান। খেলা থামে ৩৪তম চালে, অমীমাংসিতভাবে।
যে কারণে ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকার পর্বে। প্রথমে দু’টি খেলা হবে ১৫ মিনিট করে, প্রতি চালে থাকবে ১০ সেকেন্ড ইনক্রিমেন্ট। ফল না এলে আবার দু’টি খেলা ১০ মিনিট প্লাস ১০ সেকেন্ড ইনক্রিমেন্টে। তাতেও সমতা বজায় থাকলে আরও দু’টি খেলা হবে ৫ মিনিট+৩ সেকেন্ড ফর্মুলায়। এরপর ফলাফল না মেলার অর্থ চূড়ান্ত যুদ্ধ—রুদ্ধশ্বাস র্যাপিড: তিন মিনিট করে এক খেলা, প্রতি চালে দু’সেকেন্ড ইনক্রিমেন্ট। সেখানে যে জিতবে, সেই চ্যাম্পিয়ন।