শুভমান গিলের নেতৃত্বগুণে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি ও শুভমান গিল
শেষ আপডেট: 7 December 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টি-টোয়েন্টি দলে ভাইস–ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলের (Shubman Gill) পদোন্নতি নিয়ে উঠেছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, গিলকেই ভবিষ্যতের ফরম্যাট-ক্যাপ্টেন হিসেবে তৈরি করছে বিসিসিআই। কিন্তু তাঁকে দলে নেওয়ায় টি-টোয়েন্টির কম্বিনেশনে কিছু পরিবর্তন আনতে হয়েছে, এ নিয়ে মতামতেরও শেষ নেই!
এই পরিস্থিতিতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) প্রশ্ন করা হয়েছিল, গিলকে ভবিষ্যতের টি-টোয়েন্টি নেতা হিসাবে প্রস্তুত করা কি ঠিক সিদ্ধান্ত? সৌরভের উত্তর ছিল স্পষ্ট।
তিনি বলেন, “কদিন আগে ইডেনে কেউ আমাকে জিজ্ঞেস করল, শুভমান গিল কি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া উচিত? আমি বললাম, ও সব কিছুরই অধিনায়ক হতে পারে, কারণ ও এতটাই ভাল। তিন মাস আগে ইংল্যান্ডে ওকে দেখেছেন? ব্যাটিং, ক্যাপ্টেন্সি—সবকিছুতেই দুর্দান্ত। আর এখন তিন মাসের মধ্যেই প্রশ্ন উঠছে! সিদ্ধান্ত নেওয়া মানুষদের নিয়ে এভাবেই ভাবতে থাকে সবাই। কাউকে সময় দিতে হয়, ধৈর্য রাখতে হয়। তাহলেই সে আরও ভাল হয়ে উঠবে।”
এদিকে গিলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিসিআই–র স্পোর্টস সায়েন্স টিম। কলকাতা টেস্টে ঘাড়ে চোট পেয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। সে কারণেই তিনি চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারেননি।
কিন্তু ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) রিহ্যাব সম্পূর্ণ করে ফেরার জন্য প্রয়োজনীয় সব ‘রিটার্ন টু প্লে’ (RTP) প্রোটোকল পেরিয়ে গেছেন গিল। ব্যাটিং, ফিল্ডিং—সব দিকেই ম্যাচ সিমুলেশনে সফল হওয়ায় তাঁকে সব ফরম্যাটে খেলতে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে।
CoE–র তরফে টিম ম্যানেজমেন্টের স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন (SSM) ইউনিটকে জানানো হয়েছে, গিলের ফিটনেস নিয়ে আর কোনও প্রশ্ন নেই। SSM টিমে রয়েছেন ফিজিও কমলেশ জৈন, শক্তি–ও–কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রু এবং স্পোর্টস ডাক্তার ডঃ চার্লস।