স্মৃতি মান্ধনার বিয়ে বাতিলের বিবৃতির কিছু মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন পলাশ মুচ্ছল। জানালেন, সম্পর্কের ইতি টেনে এখন এগিয়ে যেতে চান তিনিও।

পলাশ-স্মৃতি
শেষ আপডেট: 7 December 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে ভাঙছে, স্মৃতির পোস্টের পরই মুখ খুললেন পলাশ মুচ্ছল (Smriti Palaash breakup)। স্পষ্ট করলেন নিজের অবস্থান। জানিয়ে দিলেন, এগিয়ে যেতে চান তিনিও, পুরনো অধ্যায় থেকে পিছিয়ে যাচ্ছেন।
২৩ নভেম্বর তাঁদের বিয়ের কথা ছিল সাঙ্গলিতে। বিশ্বকাপ জয়ের পরই এনগেজমেন্ট এবং বিয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি (Smriti Mandhana)। সেই মতো হয় অনুষ্ঠান। মেহেন্দি, সংগীত, বিয়ের সকালের রীতি রেওয়াজও শুরু হয়ে গেছিল। সকলে অপেক্ষায় ছিল চার হাত এক হওয়ার। কিন্তু দুপুরে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তারপরই পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
রাতের দিকে বিয়ে স্থগিতের খবর আসে। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই পলাশের অন্য মহিলার সঙ্গে (যিনি স্মৃতির ঘনিষ্ঠ) চ্যাট প্রকাশ্যে আসে। তার সত্যতা যাচাই করা না গেলেও সেনিয়ে তুমুল চর্চা শুরু হয়। মুখে কুলুপ আঁটে দুই পরিবারই যদিও পলাশের মা জানিয়েছিলেন, তাঁদের পরিবারের পরিস্থিতি ঠিক নয়। স্মৃতির বাবা সুস্থ হলেই বিয়ে হবে।
শোনা যায়, ৭ ডিসেম্বর ফের বিয়ের আসর বসতে চলেছে। কিন্তু কোনও পরিবারের তরফেই এনিয়ে অফিসিয়াল কোনও মন্তব্য করা হয়নি। সেই ৭ তারিখই বিয়ে ভাঙার কথা জানালেন স্মৃতি। স্পষ্ট বলে দিলেন, জীবন অত্যন্ত ব্যক্তিগত কিন্তু যা নিয়ে শেষ কয়েকদিন ধরে এত চর্চা, সেনিয়ে তিনি কিছু বিষয় পরিষ্কার করে দিতে চান। জানিয়ে দেন, বিয়ে ভাঙছেন, আগেও খেলাই যেমন প্রায়োরিটি ছিল, আগামিদিনেও তাই থাকবে (wedding called off)।
স্মৃতির বিবৃতির পরই পলাশ জানালেন, পরিস্থিতি মেনে নিয়ে তিনি “এখন এগিয়ে যেতে চাইছেন” এবং ব্যক্তিগত এই অধ্যায় থেকে “পিছিয়ে আসছেন”।
ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে পলাশ লেখেন, গত কয়েক সপ্তাহ ধরে অনলাইন জল্পনা-কল্পনা যে মানসিক চাপ তৈরি করেছে, তা সামলানো অত্যন্ত কঠিন ছিল। তাঁর কথায়, “যা আমার কাছে সবচেয়ে পবিত্র ছিল, তার সম্পর্কে ভিত্তিহীন গুজব দেখে খুব কষ্ট পেয়েছি। আমার জীবনের অন্যতম কঠিন সময় চলছে। নিজের বিশ্বাস আঁকড়ে আমি বিষয়টি মর্যাদার সঙ্গে সামলাব।”

তিনি সমাজকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন কারও সম্পর্কে যাচাই না করে মতামত দেওয়া থেকে বিরত থাকি। কারও কথায় যে কত গভীর আঘাত লাগতে পারে, তা আমরা অনেক সময় বুঝিই না।”
ডিজিটাল দুনিয়ায় লাগামছাড়া অনুমান-অভিযোগের জেরে আইনি ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটছেন সঙ্গীত পরিচালক। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি পদক্ষে করবে।” পাশাপাশি তাঁকে সমর্থন জানানো সকলকে ধন্যবাদ জানিয়েছেন।