দিনের অন্য একটি ম্যাচে আলকারাজও নিজের চেনা ছন্দে। চোট সারিয়ে কোর্টে ফিরেই ৬–৪, ৬–২ ব্যবধানে উড়িয়ে দেন ফ্রিটজকে। ড্রপশট, রানিং ফোরহ্যান্ড, ডাউন দ্য লাইন ব্যাকহ্যান্ড—সব মিলে তুলনাহীন স্ট্রোক প্লে-র প্রদর্শনী!
_0.jpeg.webp)
আলকারাজ ও সিনার
শেষ আপডেট: 17 October 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: একদিকে প্রতিশোধের ধিকিধিকি আগুন, অন্যদিকে কপিবুক নিখুঁত ছন্দ। রিয়াধের (Riyadh) আলো-ঝলমলে কোর্টে (Six Kings Slam 2025) দুই স্রোত এসে মিলল ইয়ানিক সিনারের (Jannik Sinner) র্যাকেটে। ঠান্ডা মাথার নিয়ন্ত্রণে বিশ্বের একদা এক নম্বর নোভাক জোকোভিচকে (Novak Djokovic) উড়িয়ে দিয়ে জায়গা করে নিলেন ফাইনালে। প্রতিপক্ষ? সেই চিরপ্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। সিক্স কিংস স্ল্যামের চূড়ান্ত লড়াইয়ে ব্লকবাস্টার দ্বৈরথের ভবিতব্য লেখা হল আরও এক বার!
দুই সেটেই ফল একতরফা—৬–৪, ৬–২। সার্ভিসে সিনার ছিলেন প্রায় অপরাজেয়। ৪৫ পয়েন্টের মধ্যে মাত্র আটটি হারিয়েছেন, মারলেন ১০টি এস (Ace)। প্রথম সার্ভ ঢুকেছে ৮১ শতাংশ হারে! ম্যাচ শেষে হাসিমুখে বললেন, ‘হ্যাঁ, আজ সত্যিই সার্ভটা নিখুঁত ছিল। প্রতিদিন এমন হবে না। কিন্তু গত এক মাস ধরে শুধু এই নিয়েই কাজ করেছি। ঘন্টার পর ঘন্টা সার্ভ প্র্যাকটিস করেছি—আজ তার ফল পেলাম!’
অন্যদিকে, জোকোভিচও মেনে নিলেন নিজের পরাজয়। রসিকতা মিশিয়ে বললেন, ‘মাফ করবেন, কিন্তু যখন কেউ কোর্টে তোমাকে এমনভাবে হারায়, সেটা মোটেই ভালো লাগে না!’ হারের পর স্বীকারও করলেন—এই প্রজন্মের সেরাদের বিরুদ্ধে খেলাটাই তাঁকে অনুপ্রাণিত রাখে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সার্ব তারকা মুখোমুখি হবেন টেলর ফ্রিটজের (Taylor Fritz)। যাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত রেকর্ড ১১–০!
দিনের অন্য একটি ম্যাচে আলকারাজও নিজের চেনা ছন্দে। চোট সারিয়ে কোর্টে ফিরেই ৬–৪, ৬–২ ব্যবধানে উড়িয়ে দেন ফ্রিটজকে। ড্রপশট, রানিং ফোরহ্যান্ড, ডাউন দ্য লাইন ব্যাকহ্যান্ড—সব মিলে তুলনাহীন স্ট্রোক প্লে-র প্রদর্শনী! ম্যাচ শেষে বললেন, ‘আজ শুধু জেতার নয়, দর্শকদের বিনোদন দেওয়ারও ইচ্ছে ছিল। মনে হচ্ছে, ওরা খুশি, আমিও তাই!’
তিন দিনের এই বিলাসবহুল প্রদর্শনী টুর্নামেন্টে (Six Kings Slam) অংশ নিয়েছেন বিশ্বের সেরা ছয় তারকা। প্রত্যেকে পাচ্ছেন ১.৫ মিলিয়ন ডলারের উপস্থিতি ফি, আর বিজেতার জন্য নির্দিষ্ট ৪.৫ মিলিয়ন ডলারের পুরস্কার।