
শেষ আপডেট: 20 November 2023 00:09
দ্য ওয়াল ব্যুরো: বারবার পরীক্ষিত হয়েছেন ভারতীয় দলের জুনিয়র ক্রিকেটাররা। যে ম্যাচে দলের সিনিয়র ক্রিকেটাররা ভাল খেলছেন, সেই ম্যাচেই রান করেন শুভমন গিল, সূর্যকুমার যাদবরা। কিন্তু যে ম্যাচে দরকার, সেই খেলায় চাপ নিতে গিয়ে ডোবান দলকে। সেইসময় তাঁদের দক্ষতা নিয়েও ওঠে নানা প্রশ্ন।
রবিবার ফাইনালের আগে জাতীয় সঙ্গীত চলার সময়ও দেখা গিয়েছে গিল দারুণ টেনশনে রয়েছে। তিনি চাপের কাছে ব্যর্থ হয়েছেন। একটি খুদে মেয়ে জাতীয় সঙ্গীত শেষে হাত মেলাতে এসেছিল গিলের কাছে। তিনি সেইসময় হাত সরিয়ে নেন, হাতই মেলাননি।
অস্ট্রেলীয় ক্রিকেটাররা যতটা খোলামেলা ছিলেন, ভারতীয়রা ছিলেন না। মাঠের প্রতি দর্শক তো বটেই, ১৪০ কোটি মানুষের চাপ নিতে ব্যর্থ হয়েছেন গিলরা। তার মধ্যে তাঁদের আউটের ধরন নিয়েও উঠছে নানা প্রশ্ন।
আইপিএলে যেভাবে ব্যকরণ বহির্ভূত শট মারেন, তেমন মারতে গিয়ে উইকেট ছুড়ে চলে এসেছেন। অফস্টাম্পের বল লেগে মারতে গিয়ে অদ্ভুতভাবে প্যাভিলিয়নে ফিরেছেন গিল। তাঁরা যেন আউট হয়ে হাঁফ ছেড়ে বেঁচেছেন। কারণ এই নিরন্তর চাপ নিতে হতো উইকেট টিকে থাকলে।
পাশাপাশি সূর্যকুমার যাদব ২৮ বল খেলে ১৮ রান করে ফিরে গিয়েছেন সাজঘরের নিশ্চিত আশ্রয়ে। হ্যাজেলউডের বলে ফিরেছেন তিনি। কী করে খেললে দলের রান বাড়বে, সেটি বুঝতেই পারেননি। তাঁকে গিলের মতোই দিশেহারা লেগেছে।
সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স, সূর্যকুমার, গিলদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে কথা উঠছে। বলা হচ্ছে, আইপিএলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ওঁরা ভয়ঙ্কর হলে কী হবে দেশের হয়ে আইসিসি টুর্নামেন্টে তাঁরা ব্যর্থই।