1.jpg)
হাফসেঞ্চুরির পর শুভেচ্ছা কুড়োচ্ছেন শুভমান গিল
শেষ আপডেট: 6 February 2025 21:05
দ্য ওয়াল ব্যুরো: কী অসাধারণ একটা কমিটমেন্ট। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন তিনি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নাগপুরে অন্য দিনের তুলনায় গরম অনেকটাই বেশি। আর সেই গরমের কারণে হ্যামস্ট্রিং পেশিতে টানও ধরেছিল। এমনকী, একটা সময় খোঁড়াতেও দেখা যায়। দৌড়ে আসেন টিম ইন্ডিয়ার মেডিক্যাল স্টাফ। স্ট্রেচও করান। কিন্তু, ইংল্যাান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে কোনও প্রতিবন্ধকতাই শুভমানের পথের কাঁটা হতে পারেনি। পালন করলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের দায়িত্ব। শেষপর্যন্ত ৮৭ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। ততক্ষণে টিম ইন্ডিয়ার সামনে জয়ের প্রত্যেকটা দরজা খুলে গিয়েছিল। দরকার ছিল মাত্র ১৪ রান। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৪ উইকেটে এই ম্যাচে জয়লাভ করল।
আপাতত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তার থেকেও বড় কথা, ভারতীয় ক্রিকেট দল ৬৮ বল বাকি থাকতে এই ম্যাচে জয়লাভ করল। এই ম্যাচে দুই দলের মধ্যেই একটা বিস্তর ফারাক দেখতে পাওয়া গেল। তবে ব্রিটিশ দলের মধ্যে ইতিবাচক দিক একটাই যে তারা শেষপর্যন্ত দাঁত কামড়ে লড়াইটা চালিয়ে গিয়েছে।
একটা সময় মনে হয়েছিল, জয়ের জন্য ২৪৯ রানের টার্গেট তাড়া করা টিম ইন্ডিয়ার সামনে হয়ত খুব একটা কঠিন হবে না। তবে এই উইকেটে একটা ডাবল পেস ছিল। সেকারণে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার সেট হয়েও একাধিক উইকেট হারিয়েছে। শুভমান গিল ছাড়াও এই ম্যাচে অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ার (৫৯) এবং অক্ষর প্যাটেল (৫২)। যদিও এই ম্যাচে শুভমান এবং অক্ষরের মধ্যে ১০৮ রানের দুরন্ত পার্টনারশিপ জয়ের ভিত গড়ে দেয়। শেষপর্যন্ত ১১ ওভার বাকি থাকতে ভারত এই ম্যাচে জয়লাভ করল।
ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বললেন, 'এই ফরম্যাটে আমরা অনেকদিন পর ফিরলাম। সেকারণে ম্যাচটা জিতে খুব খুশি। আমরা শীঘ্রই একটা আলোচনায় বসব। ভুলভ্রান্তিগুলো মেরামত করে নেব। ইংল্যান্ডের ওপেনাররা আমাদের উপর যথেষ্ট চাপ তৈরি করেছিল। কিন্তু যেভাবে আমরা কামব্যাক করলাম, তা এককথায় অসাধারণ।'