শুভমন গিল না থাকায় বড় ধাক্কা গুজরাট টাইটানসে। রাজস্থানের বিরুদ্ধে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভরাডুবি GT-র।

শুভমন গিল
শেষ আপডেট: 5 April 2026 08:22
দ্য ওয়াল ব্যুরো: গুজরাট টাইটানস (Gujarat Titans) শিবিরে দুশ্চিন্তার মেঘ! চোটের কারণে শনিবার আমদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। গিলের অভাব বুঝল টাইটানসরা; ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে আইপিএল ২০২৬-এ (IPL 2026) নিজেদের দ্বিতীয় হারের মুখ দেখতে হল তাদের।
নিয়মিত অধিনায়ক গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে দলের নেতৃত্ব দেন রশিদ খান। তিনি জানান, শুভমন গিলের পেশিতে টান লেগেছে। রশিদ আশাপ্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই অধিনায়ক মাঠে ফিরবেন। আগামী ৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাটের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচে গিল খেলতে পারবেন কি না, তা নিয়ে মুখ খুলেছেন দলের সহকারী কোচ পার্থিব প্যাটেল।
পার্থিব জানান, "গিলের ঘাড়ের সমস্যা (২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্ট সিরিজের সময়কার চোট) এবং কয়েকদিন আগের পেশির টান নিয়ে আমরা আশাবাদী। পরিস্থিতি খুব একটা গুরুতর মনে হচ্ছে না। আশা করছি পরের ম্যাচেই ওকে আমরা ফিট পাব।"
গিলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ব্যাটিং কোচ ম্যাথু হেডেন। তিনি মনে করেন, একজন ব্যাটার এবং নেতা হিসেবে গিলের উত্তরণ চোখে পড়ার মতো। হেডেনের মতে, গিলের খেলার ধরণ এবং ভাবনা অত্যন্ত অন্যরকম, যা আধুনিক প্রজন্মের আত্মবিশ্বাসকে তুলে ধরে। তিনি নিজের খেলার নিয়ন্ত্রণ নিজেই রাখতে জানেন। এত বড় তারকা হওয়া সত্ত্বেও গিল সবসময় ব্যক্তিগত সাফল্যের বদলে দলগত সাফল্যকে প্রাধান্য দেন।