
শ্রাচী স্পোর্টস-মহামেডান স্পোর্টিং
শেষ আপডেট: 21 January 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: মহামেডান ফুটবলারদের বকেয়া বেতন না মেলার দায় খোদ কর্মকর্তাদের ঘাড়ে ঠেলল ক্লাবের অন্যতম বিনিয়োগকারী শ্রাচী স্পোর্টস। তাদের দাবি মহামেডান ক্লাব এবং আরেক বিনিয়োগকারী বাঙ্কারহিলের মধ্যে আর্থিক লেনদেন ও হিসেব সংক্রান্ত ডামাডোলের জেরে ফুটবলাররা মাইনে পাচ্ছেন না। আর এসবের মধ্যে মাঠের ট্রেনিংয়ের পাশাপাশি আজ জিম সেশনও বয়কট করলেন ক্লাবের অধিকাংশ ফুটবলার।
নিজেদের তরফ থেকে সবকিছু স্পষ্ট রাখতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে শ্রাচী স্পোর্টস কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ক্লাবের মোট ৬৩ শতাংশ শেয়ার ৩১.৫ শতাংশ হারে বাঙ্কারহিল ও তাদের মধ্যে ভাগ করা রয়েছে। বাকি ৩৯ শতাংশ আছে ক্লাবের হাতে।
চুক্তির শর্ত মোতাবেক মোট প্রদেয় অর্থের ৫০ শতাংশ ইতিমধ্যে বিভিন্ন খাতে বরাদ্দ করে ফেলেছে শ্রাচী। সূত্রের খবর, অঙ্কের হিসেবে যার পরিমাণ কমবেশি ৪৮ লক্ষ টাকা। অথচ এরপরেও ন্যূনতম শেয়ার ক্লাব কর্মকর্তারা তাদের দেয়নি। তার ওপর ক্লাবের সঙ্গে স্বাক্ষরিত মউ চুক্তিটির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একই কাণ্ড মূল বিনিয়োগকারী সংস্থা বাঙ্কারহিলের সঙ্গেও ঘটেছে। তাদেরও কোনও প্রতিশ্রুত শেয়ার প্রদান করেনি মহামেডান। যে কারণে তাদের হাত-পা বাঁধা বলে জানিয়েছে শ্রাচী স্পোর্টস কর্তৃপক্ষ। যদিও গোটা ইস্যুতে ভুক্তভোগী ফুটবলারদের প্রতি সহানুভূতি জানিয়েছে তারা।
উল্লেখ্য, বকেয়া টাকা হাতে না আসায় বিদ্রোহী মডামেডান খেলোয়াড়েরা। দু'মাসেরও বেতন বাকি। হাতে টাকা নেই। অনেকে অ্যাপার্টমেন্টের ভাড়া পর্যন্ত মেটাতে পারছেন না। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি বয়কট করেন প্রায় সমস্ত ফুটবলার। আজ জিম সেশনেও আসেননি তাঁরা। ক্লাবের কর্মকর্তারা বৈঠক ডেকেছিলেন। সেখানেও গড়হাজির থাকেন সকলে।