দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্ক উসকে দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (ravi shastri)। তিনি পুরনো ঘটনা টেনে এনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (sourav ganguly) হেয় করতে এগিয়ে এলেন।
ভারতীয় দলের কোচের পদে শাস্ত্রী রয়েছেন আর বড়জোর দু’মাস, তারপর তিনি আর থাকতে পারবেন না। তার আগে তিনি বিসিসিআই প্রেসিডেন্টের বিরোধিতা করছেন অন্য উপায়ে। যে কথা তিনি আগে বলে অপদস্থ হয়েছেন, সেই কথাই আবার টেনে এনে বিতর্ক তৈরি করেছেন।
সম্প্রতি টাইমস নেটওয়ার্ক-এ দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলসা করেছেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সেই সাক্ষাৎকারেই বিরাট কোহলিদের কোচ পুরনো বাস কাণ্ডকে সামনে এনেছেন।
শাস্ত্রী জানিয়েছেন, “যদি কেউ নির্ধারিত সময়ের দেরিতে আসে, তাহলে টিম বাস ছেড়ে যাবে। সে যেই হোক না কেন! সেই দিনে ঘটনাচক্রে সৌরভ এই নীতির শিকার হয়েছিল।”
কুখ্যাত সেই ঘটনা ২০০৭ সালের। রবি শাস্ত্রী তখন জাতীয় দলের ম্যানেজার। সৌরভ তখন দলের নামী সদস্য। সৌরভকে পরে এই ঘটনার কথা প্রশ্ন করা হলে, তিনি সরাসরি অস্বীকার করেছিলেন এ ঘটনা। পাশাপাশি, সৌরভ জানিয়েছিলেন, রবি শাস্ত্রীর সাক্ষাৎকার কখনই সকালে নেওয়া উচিত নয়।
‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন শো’-এ সৌরভ সেবার বলেছিলেন, “সকালে রবি শাস্ত্রীর সাক্ষাৎকার নেওয়া, ব্রেকফাস্ট শো-এ ওঁকে আনাই উচিত নয়। কারণ সকালে উনি কিছু বললে মনে করতে পারেন না। আমার সঙ্গে যখন ওঁর দেখা হবে, ব্রেকফাস্ট শো-এ উনি কী বলেছিলেন, তা জানতে চাইব। এমন ঘটনা কখনই ঘটেনি। জানি না, কীভাবে উনি এমন ঘটনার খোঁজ পেলেন! তবে ওঁর সাক্ষাৎকার কখনই সকালে নেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় রবি সমস্ত কিছু ভালভাবে মনে করতে পারেন।”
সৌরভের সঙ্গে সেই ঘটনার তিক্ততা কি এখনও রয়ে গিয়েছে? শাস্ত্রীর জবাব ছিল, “একদমই না। ও যখন ইংল্যান্ডে এসেছিল, ওঁর সঙ্গে কথাও হল। ওঁর ক্রিকেট পুরোটাই আমি ফলো করতাম। এমনকি ও যে দলের হয়ে খেলত, সেই টাটা স্টিলের হয়েও আমি খেলেছি। টাটা স্টিলে সৌরভ আমার নেতৃত্বে খেলেছিল।”
শাস্ত্রী মিডিয়ার উদ্দেশ্যে আরও বলেছিলেন, মিডিয়া যেমন ভেলপুরি ও চাটের মতো মশলাদার খবর পছন্দ করে, আমিও তাই, সেই জন্যই আমার ভাণ্ডারে অনেক মশলা গল্প রয়েছে!