ভারতের মহিলা ক্রিকেটে ঐতিহাসিক দিন। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ভারত। ব্যাটে-বলে নজর কাড়লেন ২১ বছরের শেফালি বর্মা, পেলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

শেফালি (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 3 November 2025 07:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেটে ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপ জিতল ভারত (first-ever Women's World Cup title )। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে সেরার সেরা হরমনপ্রীত কৌর-নেতৃত্বাধীন দল। ব্যাটে-বলে বড় ভূমিকা রাখলেন বছর একুশের শেফালি বর্মা (Shafali Verma)।
ইনজুরির কারণে প্রাটিকা রাওয়ালের জায়গায় সেমিফাইনালের আগে দলে ঢোকেন শেফালি। ফাইনালে তিনিই হয়ে উঠলেন দলের মূল ভরসা। ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে দলের জন্য শক্ত ভিত তৈরি করে দেন। পরে বল হাতে ফেরান দক্ষিণ আফ্রিকার দুই গুরুত্বপূর্ণ ব্যাটার, সুনে লুস ও মারিজান ক্যাপকে। এই পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ করা হয় তাঁকে।
ফাইনালের পর জানান, নিজের শান্ত মনোভাব আর আত্মবিশ্বাসই তাঁকে জয়ের পথে নিয়ে গেছে। বলেন, “আমি আগেই বলেছিলাম, ঈশ্বর নিশ্চয়ই আমাকে কিছু ভাল করার জন্য পাঠিয়েছেন। আজ সেটা প্রমাণিত হল। আমরা যে অবশেষে বিশ্বকাপ জিততে পারলাম, সেটা ভেবেই আনন্দ লাগছে। পুরো ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, কিন্তু নিজের ওপর ভরসা ছিল।”
শেফালি যোগ করেন, “আমার মাথা আজ একদম পরিষ্কার ছিল। যা প্ল্যান করেছিলাম, সেটা ঠিকমতো করতে পেরেছি। হরমন সব সময় পাশে থেকেছে, দলের সবাই উৎসাহ দিয়েছে। সবাই বলেছিল নিজের খেলা খেলতে। তাই মনেও কোনও দ্বিধা ছিল না।”
তিনি জানান, ফাইনালে ব্যাট করতে নামার সময় মাঠে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। সেটাই তাঁকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। “যখন সচিন স্যারকে মাঠে দেখলাম, তখন আলাদা একটা এনার্জি পেয়েছিলাম। উনি সব সময় আমার সঙ্গে কথা বলেন, আত্মবিশ্বাস দেন। ক্রিকেটের মাস্টার, অনুপ্রাণিত হই দেখলেই,” বলেন এই ব্যটার।