ভারত বিশ্বকাপজয়ী - এটাও যেমন ইতিহাস, তেমনই ইতিহাসে দীপ্তি শর্মার নামও ইতিমধ্যেই সোনার অক্ষরে লেখা হয়ে গেল।

ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা
শেষ আপডেট: 3 November 2025 01:16
দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের মাঠে রোববার ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা (Indian Cricket All rounder Deepti Sharma) লিখে ফেললেন নতুন এক ইতিহাস— যেটা আগে কোনও নারী বা পুরুষ ক্রিকেটারই পারেননি। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ফাইনালে দীপ্তি হয়ে গেলেন বিশ্বকাপ ইতিহাসের (History of World Cup) প্রথম ক্রিকেটার, যিনি এক আসরে ২০০ রান ও ২২টি উইকেট সংগ্রহ করেছেন।
রান-বলে অর্ধশতরান করার পথে চারটি চার ও একটি ছক্কা হাঁকান এই উত্তরপ্রদেশের হয়ে খেলা এই ক্রিকেটার। সেই সঙ্গে তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত আছে ১৭টি উইকেট, যা তাঁকে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী করে তুলেছে। দীপ্তি শর্মার আগে আর কোনও ক্রিকেটারই বিশ্বকাপ ফাইনালে ৫০ বা তার অধিক রান এবং একই সঙ্গে ৫ বা তার অধিক উইকেট পায়নি। এটাও তো ভারতীয় ক্রিকেটে বিশেষ ভাবে মনে রাখার বিষয়।
ফাইনালে ভারত ব্যাট করতে নামে দুরন্ত ছন্দে। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা ১০৪ রানের জুটি গড়ে শুরুতেই দলকে শক্ত ভিত গড়ে দেন। এরপর জেমাইমা রদ্রিগেজ আউট হওয়ার পর নামেন দীপ্তি। অধিনায়ক হরমনপ্রীত কৌর-এর সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তিনি ইনিংসকে ধরে রাখেন। হরমনপ্রীত আউট হলেও দীপ্তি শেষপর্যন্ত ইনিংসের ভার নিজের কাঁধে তুলে নেন।
শেষ দিকে উইকেটকিপার রিচা ঘোষ-এর সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে ভারতের ইনিংসকে নিয়ে যান ২৯৮ রানে। শেষ বলে রান আউট হলেও তাঁর ৫৮ বলে ৫২ রানের ইনিংস ভারতের স্কোরবোর্ডে জুড়ে দেয় অপরিসীম মূল্য।
এই বিশ্বকাপের বিশেষত্ব আরও একটি— ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই দলই আগে কোনওদিন মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ জেতেনি। তাই রবিবার নবি মুম্বইয়ের এই ফাইনাল থেকে জন্ম নিল নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন। ভারত।
ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছিল, যেখানে জেমাইমা রদ্রিগেজের ১২৭ রানের দুর্দান্ত ইনিংস ছিল জয়ের চাবিকাঠি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৩১৯ রান তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল ১২৫ রানে—লরা ভলভার্ডের ১৬৯ রানের ক্যাপ্টেনস ইনিংসে ভর করে।
দিনের শেষে ভারত বিশ্বকাপজয়ী। এটাও যেমন ইতিহাস, তেমনি ইতিহাসে দীপ্তি শর্মার নামও ইতিমধ্যেই সোনার অক্ষরে লেখা হয়ে গেল।
একই বিশ্বকাপে ২০০ রান ও ২২ উইকেট, বিশ্ব ক্রিকেটে প্রথম।