বেলিংহ্যামের দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনাকে হারিয়ে এল ক্লাসিকো জিতে নিল রিয়াল মাদ্রিদ।
.jpeg.webp)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 27 October 2025 07:44
দ্য ওয়াল ব্যুরো: রেফারির শেষ বাঁশি বাজল ৯৮ মিনিট ৪০ সেকেন্ডে। পেদ্রি (Pedri) তখন ক্লান্ত শরীরে শেষবারের মতো বল টেনে নিয়ে যাচ্ছেন মাঝমাঠ পেরিয়ে। আপ্রাণ চেষ্টা, মরিয়া দৌড়… সব শেষ হল অবৈধ ট্যাকলে! অরেলিয়েন চুয়ামেনিকে (Aurélien Tchouaméni) ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলেন স্পেনীয় মিডফিল্ডার। ম্যাচের অন্তিম লগ্নে। আর তাতেই শেষ হল এল ক্লাসিকোর (El Clásico) টানটান উত্তেজনা।
রিয়াল মাদ্রিদ (Real Madrid) ২–১ গোলে হারাল বার্সেলোনাকে (Barcelona)। ১০৫ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচ। তিনখানা গোল, তিনটি বাতিল, একটি পেনাল্টি প্রত্যাহার, একবার পেনাল্টি সেভ—সব মিলিয়ে নাটকের কমতি ছিল না। আর সমস্ত আঁচ পেরিয়ে পাঁচ ম্যাচ পর আবার ক্লাসিকো জিতল রিয়াল।
প্রথমার্ধেই দুই গোল। শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রকে (Vinícius Júnior) লামিন ইয়ামালের (Lamine Yamal) ট্যাকলের প্রেক্ষিতে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু ভিএআরে (VAR) দেখা যায়, ফাউল এসেছে আসলে ভিনির দিক থেকেই। খানিক বাদে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) শট জালে ঢোকে! কিন্তু অফসাইড! গোল বাতিল।
২০ মিনিটের মাথায় অবশেষে গোল পায় রিয়াল। জুড বেলিংহ্যাম (Jude Bellingham) মাঝমাঠে পেদ্রিকে কাটিয়ে বল বাড়ান এমবাপেকে, যিনি দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন। ১–০ রিয়াল। ম্যাচের গতি বাড়ে, আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলের ডিফেন্স ব্যস্ত হয়ে পড়ে।
তারপরও প্রথমার্ধের শেষ দিকে ফিরতি গোল বার্সার। আরদা গুলারের (Arda Güler) পাস ভুলে সুযোগ নেন পেদ্রি, মারকাস র্যাশফোর্ড (Marcus Rashford)–এর পাসে ফার্মিন লোপেজ (Fermín López) গোল করে ম্যাচে ফেরান বার্সাকে।
তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর ভিনিসিয়ুস জুনিয়র ডানদিক থেকে ক্রস বাড়ান, এদার মিলিতাও (Éder Militão) হেড করে বল পাঠান বেলিংহ্যামের দিকে। গোললাইন থেকে জালে পাঠাতে ভুল করেননি ইংরেজ মিডফিল্ডার। স্কোরলাইন ২–১।
বিরতির আগেই এমবাপে আরও একবার গোল করেন, কিন্তু ফের অফসাইড! দ্বিতীয়ার্ধে গার্সিয়ার (Eric García) হাতে বল লাগায় রিয়াল পায় পেনাল্টি, কিন্তু এমবাপের শট ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক ভইচেখ সেজনি (Wojciech Szczesny)।
শেষ দিকে দুই পক্ষেরই সুযোগ এসেছিল। লোপেজ একা গিয়ে শট নেন, কিন্তু বল সোজা থিবো কুর্তোয়ার (Thibaut Courtois) হাতে। অপর প্রান্তে রদ্রিগো (Rodrygo) ও ব্রাহিম দিয়াজ (Brahim Díaz) সুযোগ তৈরি করলেও স্কোর বাড়াতে পারেননি।
শেষ মুহূর্তে পেদ্রির সেই ফাউল ম্যাচের ইতি টানে। লাল কার্ড দেখে বেরিয়ে যান তিনি। ম্যাচ শেষে মাঠে ছোটখাটো ধাক্কাধাক্কি, বিতর্ক, কিন্তু তাতে বদলায়নি ফল। জয়ের উল্লাসে ফেটে পড়ে বের্নাবেউ (Santiago Bernabéu)।
রিয়াল এখন লা লিগার (La Liga) শীর্ষে পাঁচ পয়েন্টের লিডে। বেলিংহ্যাম এল ক্লাসিকোর পরিত্রাতা, আর বার্সেলোনার টানা পাঁচ ম্যাচের অজেয় ধারা থামল মাদ্রিদের মাটিতেই।