ঢাকা মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান (Ban Vs Pak) দ্বিতীয় একদিনের ম্যাচে অদ্ভুত ও বিতর্কিত রান আউট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের (Pakistan) ব্যাটার সলমন আলি আগা যেভাবে আউট হলেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই ঘটনাকে ‘অ-খেলোয়াড়সুলভ’ বলে যেমন তীব্র সমালোচনা করেছেন। তেমনই অনেকে খোঁচা দিয়ে বলছেন, এই নাকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) দহরম মহরম! বাংলাদেশ দাগাবাজি করল পাকিস্তানের সঙ্গে।

শেষ আপডেট: 14 March 2026 14:37
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান (Ban Vs Pak) দ্বিতীয় একদিনের ম্যাচে অদ্ভুত ও বিতর্কিত রান আউট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের (Pakistan) ব্যাটার সলমন আলি আগা যেভাবে আউট হলেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই ঘটনাকে ‘অ-খেলোয়াড়সুলভ’ বলে যেমন তীব্র সমালোচনা করেছেন। তেমনই অনেকে খোঁচা দিয়ে বলছেন, এই নাকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) দহরম মহরম! বাংলাদেশ দাগাবাজি করল পাকিস্তানের সঙ্গে।
কীভাবে আউট হলেন সলমন আগা?
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। তখন ক্রিজে ছিলেন সলমন আগা এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বল করেন। রিজওয়ান বলটি হালকা ঠেলে সামনে পাঠান। বলটি গড়িয়ে যায় নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো আগার দিকে। তখন আগা ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন। বলটি তাঁর প্যাডে লাগে। এরপর তিনি ঝুঁকে বলটি তুলতে যান এবং ফেরত দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে সেই সুযোগ না দিয়ে মিরাজ দ্রুত বলটি নিয়ে স্টাম্প ভেঙে রান আউটের আবেদন করেন, আগা তখনও ক্রিজের বাইরে ছিলেন।
মাঠের আম্পায়ার কোনও সিদ্ধান্ত না নিয়ে তৃতীয় আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারও রান আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।
ক্ষুব্ধ সলমন আগা
এই সিদ্ধান্তে স্পষ্টই হতাশ হয়ে পড়েন সলমন আগা। টেলিভিশন ছবিতে দেখা যায়, তিনি অসন্তুষ্ট মুখে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। মাঠেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুক্ষণ আলোচনা হয়। পাকিস্তান অধিনায়ক রিজওয়ানকে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানান। কাইফ ছিলেন চৌখস ফিল্ডার। এক্স (টুইটার)-এ তিনি লেখেন—“এটা একেবারেই ঠিক হয়নি। উইকেট পাওয়ার তাড়াহুড়ো কখনও এমন রান আউটকে ন্যায্যতা দিতে পারে না। তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণ ক্রিকেটারদের বলব—বিশ্বকাপ ফাইনাল হলেও এমন কাজ কখনও করবে না। ফেয়ার প্লে ছাড়া খেলাধুলার কোনও অর্থ নেই।” কাইফের এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়।
Crucial moment! Mehidy Hasan Miraz removes Salman Agha with a brilliant run-out. ⚡🏏#BCB #Cricket #Bangladesh #Pakistan #ODI pic.twitter.com/N0inKkZVwz
— Bangladesh Cricket (@BCBtigers) March 13, 2026
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকেন এবং বল স্টাম্পে লাগানো হয়, তাহলে তাকে রান আউট দেওয়া যেতে পারে। তবে অনেকেই মনে করছেন, আগা বলটি তুলছিলেন ফেরত দেওয়ার জন্য। সেই পরিস্থিতিতে রান আউটের আবেদন করা ফ্লেয়ার প্লে-র সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই বিতর্কিত আউটের পর পাকিস্তানের ইনিংস বেশ দ্রুত গুটিয়ে যায়। পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মাজ সাদাকাত (৭৫)। পাকিস্তান ইতিমধ্যেই সিরিজের প্রথম ম্যাচ হেরে গেছে। ফলে দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই ছিল।