বিরাট কোহলি নেই, এই সুযোগটা তাদের নিতেই হবে। ভারতের নতুনরা আমাদের বোলারদের খেলেনি।

মিসবাহ-উল-হক
শেষ আপডেট: 14 September 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো, ভারত অভিজ্ঞ জুটি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে (Rohit Sharma, Virat Kohli) ছাড়াই একটি বড় বহু-দলীয় টুর্নামেন্টে নেমেছে। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরই জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন এই দুই মহাতারকা। এরপর টিম ইন্ডিয়া বেশ কিছু টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও এশিয়া কাপই (Asia Cup 2025) তাদের কাছে হতে চলেছে প্রথম কোন বহু-দলীয় টুর্নামেন্ট।
রোহিত-বিরাটের অবসরের পর টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁদের অভাব বুঝতে দেয়নি পরবর্তী প্রজন্ম। তবে এশিয়া কাপ বড় মাপের টুর্নামেন্ট। তাই অনেকেই মনে করছেন রোহিত-বিরাটের অভিজ্ঞতা মিস করবে টিম ইন্ডিয়া। এই দলে রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক মিসবাহ-উল-হকও (Misbah-ul-Haq)।
রবিবার দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫-এ একটি বহুল প্রত্যাশিত লড়াইয়ে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এক দশকেরও বেশি সময় পরে প্রথমবারের মতো, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। বিরাট ও রোহিত গত বছর বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একই দিনে দু’জনেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এরপর ২০২৫ সালের মে মাসে, দু’জনেই টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়নোর সিদ্ধান্ত নেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন, ভারতীয় দল এই দুই মহাতারকার অনুপস্থিতি অনুভব করতে পারে, বিশেষ করে কোহলির। মিসবাহ বলেছেন, সলমন আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তানের উচিত বিরাট কোহলির না থাকার সুযোগটি কাজে লাগানো।
'গেম অন হ্যায়' ইউটিউব শোতে মিসবাহ বলেছেন, "পাকিস্তানের শুরুটা যদি ভারতের বিরুদ্ধে ভাল না-ও হয়, দু’টি উইকেট ফেলতে পারলেই তাদের সামনে সুযোগ চলে আসবে। বিরাট কোহলি নেই, এই সুযোগটা তাদের নিতেই হবে। ভারতের নতুনরা আমাদের বোলারদের খেলেনি। পাকিস্তানের বোলাররা যদি এই সুযোগটা নিতে পারে, তাহলে অবশ্যই তাদের সুযোগ আছে।"
এদিকে, কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব বলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিশ্চিন্তে জিতবে। ভারতের বিশ্বকাপ জয়ী (১৯৮৩) অধিনায়ক বলেন, "ভারতীয় দল খেলবে এবং ম্যাচটি জিতবে। আমি এটাই চাই। তারা যেভাবে খেলছে, তারা জিতবে।"
কপিল ভারতীয় ক্রিকেটে কোহলি এবং রোহিতের অবদানের কথাও স্বীকার করে নিয়েছেন এবং তরুণদের তাঁদের অবসরের পরের শূন্যস্থান পূরণ করার আহ্বান জানিয়েছেন। এই প্রবাদপ্রতিম অলরাউন্ডার বলেছেন, "তারা (বিরাট ও রোহিত) নিজেদের সময়ে ভাল খেলেছে, এবং এখন পরবর্তী প্রজন্মকে নিজেদের প্রমাণ করতে হবে। ব্যক্তিদের নিয়ে নয়, ভারতীয় দলের বিষয়ে কথা বলা উচিত। ভারতের প্রতিনিধিত্ব করা অধিনায়ক হওয়া বা না হওয়া থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"