
শুধু এদেশের নয়, বিদেশের ক্রিকেটার এবং রাজনীতিকের নামেও ভুয়ো আবেদন জমা পড়েছে।
শেষ আপডেট: 28 May 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন? অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধান কোচ হওয়ার আবেদনে নাম রয়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনিরও। সোমবার প্রধান কোচ পদে আবেদনের শেষদিন পার হওয়ার পর বেশ কিছু ভারতীয় রাজনীতিক, ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার ও ব্যক্তিত্বদের আবেদন মিলেছে। মোট ৩ হাজার আবেদন জমা পড়েছে বিসিসিআইয়ের কাছে।
না, যেমনটা ভাবা হচ্ছে তা নয়। এ মাসের গোড়ার দিকে পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ পদে আবেদন চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের ওয়েবসাইটে। তারপর থেকে অসংখ্য ভুয়ো পরিচয়ে আবেদন জমা পড়তে থাকে। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, শচীন তেণ্ডুলকর, ধোনির নামও। শুধু এদেশের নয়, বিদেশের ক্রিকেটার এবং রাজনীতিকের নামেও ভুয়ো আবেদন জমা পড়েছে।
বিসিসিআইয়ের এক কর্তাকে উদ্ধৃত করে 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' লিখেছে, গতবছরেও একই ঘটনা ঘটেছিল। বিসিসিআইয়ের কাছে বেশ কিছু পরিচয় গোপন রেখে ভুয়ো আবেদন এসেছিল। এর কারণ হল বিসিসিআই গুগল ফর্মে আবেদন চেয়েছিল। এতে আবেদন স্ক্রুটিনি করার সুবিধা অনেক বেশি।
গতকাল, সোমবার, ২৭ মে আবেদনপত্র গ্রহণের শেষদিন ছিল। বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় আর ওই পদের জন্য আবেদন করছেন না বলে জানা গিয়েছে। তিনি এই পদ থেকে সরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছিলেন। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের পরেই অবসর নেবেন দ্রাবিড়।
অনেকের ধারণা তৈরি হয়েছে, সম্প্রতি আইপিএল জয়ী গৌতম গম্ভীর পরবর্তী হেড কোচ হতে পারেন। শুধু তিনি নন, ভিভিএস লক্ষ্মণ, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং ভারতের ক্রিকেট কমিটির নজরে রয়েছেন। যদিও আবেদন গ্রহণের সময়সীমা পেরিয়ে গেলেও গম্ভীর কিংবা বিসিসিআই এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।