
রোনাল্ডো
শেষ আপডেট: 4 March 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: দেশে (Iran) পা রাখলেই পিঠে পড়বে বেতের বাড়ি। তাও একটা, দুটো নয়। গুণে গুণে খান নিরানব্বই বার বেত্রাঘাত হজম করতে হবে। আর এই ভয়েই নাকি এএফসি চ্যাম্পিয়নশিপের (AFC Champioship) ম্যাচ খেলতে ইরানে যাননি পর্তুগিজ ফুটবল তারকা, সৌদি ক্লাব আল নাসেরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। স্পেনের বিখ্যাত দৈনিক ‘মার্কা’ সূত্রে এমনটাই সামনে এসেছে।
এএফসি চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় ইরানের ক্লাব ইসতেগলালের মুখোমুখি হয় আল নাসের। প্রথম লেগের খেলা ছিল ইরানে। গতকাল গোলশূন্যভাবে শেষ হয় দু'দলের লড়াই। সেই ম্যাচে সৌদি ক্লাবের স্কোয়াডে রোনাল্ডোকে রাখেননি কোচ স্টেফানো পিওলি। এই তথ্য সামনে আসতেই শুরু হয় গবেষণা। সরে গেলেন রোনাল্ডো? নাকি তাঁকে সরিয়ে দেওয়া হল? পর্তুগালের তারকা ফুটবলার কি চোট পেয়েছেন? আহত হয়েছেন কোনওভাবে? নানান জল্পনা যখন হাওয়ায় ভাসছে, তখন একদম নতুন একটি তত্ত্ব সামনে এনেছে ‘মার্কা’।
View this post on Instagram
মাদ্রিদের বিখ্যাত সংবাদপত্র একটি প্রতিবেদনে লিখেছে, বেত্রাঘাত বা ‘দোররা’র ভয়েই নাকি নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন রোনাল্ডো। আর এর পেছনে রয়েছে দু’বছর আগের একটি ঘটনা। ২০২৩ সালে এই টুর্নামেন্টেই আল নাসেরের হয়ে খেলতে রোনাল্ডো ইরানে যান। সেই সময় শারীরিক প্রতিবন্ধী এক মহিলা চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে চুমু খান তিনি। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। নারীকে এভাবে প্রকাশ্যে চুম্বন, তাও কিনা ভিনদেশের, ভিন্ন ধর্মের এক পুরুষের, ইরানে স্পষ্টতই ‘ব্যভিচার’ হিসেবে দেখা হয়। যার শাস্তি ৯৯টি বেতের বাড়ি—স্থানীয় ভাষায় ‘দোররা’।
সেবার সাজা ঘোষিত হলেও ম্যাচের পর সৌদি আরবেই ফিরে এসেছিলেন রোনাল্ডো। যে কারণে নির্দেশিকা এখনও পর্যন্ত কাগজে-কলমেই আটকে রয়েছে; তার ‘ফলিত প্রয়োগ’ হয়নি। পরের বার যবে ইরানে আসবেন রোনাল্ডো, তার জন্য বেত্রাঘাতের আদেশ তুলে রেখেছিল ইরানের প্রশাসন। সেই সময় এবার সমাগত। আর তাই ‘পিঠ বাঁচাতে’ দলের সঙ্গে ইরানগামী বিমানে ওঠার সাহস দেখালেন না রোনাল্ডো।