
শেষ আপডেট: 20 November 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো: এক যুগ বাদে ভারতের সামনে বিশ্বসেরা হওয়ার সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে রোহিত শর্মার দল। ২০ বছর পরে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ ফাইনালে হারানোর এই মোক্ষম সুযোগ নষ্ট করেছেন রোহিতের দল।
তারপরেও বিশ্বকাপ শেষে আইসিসি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিতই। তিনিই দলকে নেতৃত্ব দেবেন। এই দলে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন দলের নেতা প্যাট কামিন্স সুযোগই পাননি। অস্ট্রেলিয়া দলের মাত্র দু’জন আইসিসি দলে রয়েছেন, তাঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও স্পিনার অ্যাডাম জাম্পা।
রোহিত ছাড়াও ভারতীয় দল থেকে বেশি সুযোগ পেয়েছেন ওই স্বপ্নের দলে। বাকি তারকারা হলেন, বিরাট কোহলি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি।
আইসিসি দলে দক্ষিণ আফ্রিকার দু’জন তারকা স্থান পেয়েছেন। ব্যাটার উইকেটরক্ষক হিসেবে দলে এসেছেন কুইন্টন ডি’কক ও জেরাল্ড কোয়েৎজি। দ্বাদশ ব্যক্তি হিসেবে তিনি দলে এসেছেন।
সবচেয়ে অবাক করা বিষয় হল, আইসিসি-র এই সেরা দলে পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও বাংলাদেশের কেউ নেই। নিউজিল্যান্ডের ডারিল মিচেল ও শ্রীলঙ্কার দিলশান মধুলঙ্কা স্থান করে নিয়েছেন।
এই দল যে বাছা হয়েছে ক্রিকেটারদের পারফরম্যান্স ভিত্তিক, সেটি পরিষ্কার। ভারত ফাইনালে হারলেও তারা যে টানা দশ ম্যাচে দাপটে জিতেছে, সেটি কারও নজর এড়ায়নি।