
অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 22 April 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: হেরে পিচকে ভিলেন বানানো নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) স্বভাবে দাঁড়িয়েছে। গতকাল গুজরাতের (Gujrat Tiatans) হাতে পরাস্ত হওয়ার পরও যার অন্যথা হয়নি। যদিও বয়ান কিছুটা বদলে এবার পরাজয়ের আসল কারণ হিসেবে নিজেদের ব্যাটিং ইউনিট, বিশেষ করে দুই ওপেনারকে (Openers) দুষলেন রাহানে।
গত বছর আইপিএল (IPL 2024) জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিশেষজ্ঞদের একটা বড় অংশ কারণ বিশ্লেষণ করতে গিয়ে ওপেনিং পার্টনারশিপকে সামনে দাঁড় করান। গুরু গম্ভীরের (Gautam Gambhir) টোটকায় সুনীল নারিন (Sunil Narine) আকস্মিকভাবে বিস্ফোরক ওপেনারে পরিণত হন। মিডল অর্ডার থেকে উপরে তুলে তাঁকে ইনিংস শুরুর দায়িত্ব দেওয়া হয়। সঙ্গী ছিলেন কুইন্টন ডি কক (Quinton De Kock)।
এই দুই ওপেনার এ বছরও কলকাতার হয়ে ওপেন করছেন। কিন্তু চেনা ফর্ম আচমকা উধাও। একজন রান পাচ্ছেন তো অন্যজনের রানের খরা। গতকাল গুজরাত ম্যাচেও একই রোগ ধরা দেয়। ডি ককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজ জায়গা পেলেও চিত্রটা পাল্টায়নি। আফগান ওপেনার মাত্র এক রান করে আউট হন। সুনীল নারিনের ব্যট থেকে আসে ১৭ রান। চলতি আইপিএলে প্রথম সুযোগ পান গুরবাজ। দু’বছর ধরে দলে রয়েছেন। নিলামে ধরে রাখার জন্য তাঁর পেছনে কয়েক কোটি টাকা খরচ করেছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সব টাকাই আপাতত জলে।
কারও নাম না করলেও গুজরাত-পরাজয়ের পর দৃশ্যতই নাখুশ অজিঙ্কা ওপেনারদের লাগাতার ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করান। বলেন, ‘আমার মতে ১৯৯ রান তাড়া করে জেতা সম্ভব ছিল। আমরা বল হাতে লড়াইয়ে ফিরে আসি। ভেবেছিলাম ওপেনাররা ভালভাবে শুরু করবে। কিন্তু এই নিয়ে টুর্নামেন্টে হোঁচট খেয়েই চলেছি। যত দ্রুত সম্ভব ভুল থেকে শিক্ষা নিতে হবে।‘
ভুল কিছু বলেননি রাহানে। এবারের আইপিএলে নাইট বোলাররা ছন্দে থাকলেও হতাশ করেছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে মিডল অর্ডার একেবারে ফর্মে নেই।
এই প্রসঙ্গে রাহানের ব্যাখ্যা, ‘পিচ একটু মন্থর হয়ে পড়েছিল। কিন্তু যখন আমরা বল করছিলাম, ভেবেছিলাম, ২০০ বা ২১০ রানের নীচে বেঁধে রাখতে পারলে টার্গেট চেজ করা সম্ভব। আমাদের আরও ভালভাবে ব্যাট করতে হবে। বিশেষ করে মাঝের ওভারগুলোয়। ওপেনারদের আরও ভালভাবে খেলা প্রয়োজন। বোলারদের নিয়ে কোনও অনুযোগ নেই। প্রতিটি খেলায় তারা উন্নতি করছে।‘
প্রসঙ্গত, শুধু ব্যাটসম্যানরা নন, ফিল্ডিং বিভাগেও হতাশ করেছেন নাইট রাইডার্সের খেলোয়াড়রা। অহেতুক রান বিলিয়েছেন। যদিও তাকে পরাজয়ের কারণ হিসেবে সামনে টানতে নারাজ নাইট অধিনায়ক। বলেছেন, ‘ফিল্ডিং আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। অবশ্যই ১৫ থেকে ২০ রান বাঁচানো যেতে পারে। সবই সঠিক মানসিকতার বিষয়। তবে এই নিয়ে দল যথেষ্ট পরিশ্রম করছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।‘