প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছে ভারতের মহিলা দল। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হরমনপ্রীতরা, মোদীর হাতে তুলে দিলেন ট্রফি।
.png.webp)
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হরমনপ্রীতরা
শেষ আপডেট: 5 November 2025 23:32
দ্য ওয়াল ব্যুরো: দেশের মাটিতে ইতিহাস গড়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে গোটা দেশকে গর্বিত করেছে হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানারা। বুধবার সেই জয়ী দলকে সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্ধ্যায় দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ, স্নেহ রানা, রাধা যাদবসহ পুরো ভারতীয় মহিলা ক্রিকেট দল। মুম্বই থেকে বিশেষ চার্টার বিমানে তাঁরা পৌঁছন রাজধানীতে। রাজধানীতে নামার পর তাঁদের জন্য তাজ প্যালেস হোটেলে ছিল বিশেষ সংবর্ধনা। ঢোলের তালে নাচ-গানে মাতেন জেমাইমা, রাধা, স্নেহরা।
এরপর হোটেল থেকে বাসে চেপে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফ। সাদা শার্ট, কালো ট্রাউজ়ার ও ব্লেজ়ারে সজ্জিত ভারতীয় দলকে দেখে সবাই মুগ্ধ। সেখানে মোদীর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন হরমনপ্রীত কৌর। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেন, ছবি তোলেন এবং দলের সাফল্যের প্রশংসা করেন।
দলনেত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ভারতীয় দলের একটি বিশেষ জার্সি, যার নম্বর ‘১’। জার্সিতে লেখা ছিল— ‘NaMo’।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে পুরুষ দলের বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন মোদী, কিন্তু মহিলাদের ফাইনালে যেতে পারেননি। তবে মেয়েদের এই ঐতিহাসিক জয়ের পর তাঁদের প্রতি সম্মান জানাতে নিজে থেকেই সংবর্ধনার আয়োজন করেন তিনি।
বিশ্বকাপ জয়ের আনন্দে আপ্লুত হলেও এখনও নিজেদের বাড়ি ফেরেননি হরমনপ্রীত-মন্ধানারা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পর তাঁরা ফিরবেন পরিবারের কাছে।