
রাচিন রবীন্দ্র
শেষ আপডেট: 9 February 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: স্টেডিয়ামের ছন্নছাড়া অবস্থা মিডিয়া নজরে আনতেই সরব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির চিন্তা দূর করে দাঁড়িয়েছিল, লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচির তিনটি মাঠই বিলকুল প্রস্তুত। সামনেই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। তার পালা মিটলেই চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ভেন্যু আইসিসির হাতে তুলে দেওয়া হবে।
সেই হিসেবে চলতি সিরিজ ছিল অ্যাসিড টেস্ট। আর তা শুরু হতে না হতেই ডাহা ফেল করল পাকিস্তান। মাঠে, মাঠের বাইরেও। একদিকে কিউয়িদের ৩৩০ রানের জবাবে মাত্র ২৫২-তেই বান্ডিল হয়ে গেলেন বাবর আজমরা। অন্যদিকে খারাপ ফ্লাডলাইটের কারণে নিউজিল্যান্ডের খেয়োয়াড় রাচিন রবীন্দ্রর চোট পাওয়াকে কেন্দ্র করে ঘনাল বিতর্ক। ১৯ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু। হাতে আর মাত্র দিন দশেক বাকি। তা সত্ত্বেও কেন এতটা পিছিয়ে পাক ক্রিকেট বোর্ড? আদৌ সব আয়োজন সম্পূর্ণ হবে তো? প্রশ্ন, ধোঁয়াশা আর বিতর্কে ঘুরপাক খাচ্ছেন সমর্থকেরা। আর চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে আইসিসির।
ঘটনাটি ঘটে ৩৮ তম ওভারে। সেই সময় ব্যাট করছিলেন খুশদিল শাহ। ডিপ ব্যাকওয়ার্ড শর্ট লেগের দিকে তিনি শূন্যে শট তোলেন। যা ধরতে চেয়ে দৌড় লাগান রবীন্দ্র। কিন্তু গ্রিপ করার সময় খারাপ আলোর কারণে বল হাত ফস্কে নিউজিল্যান্ডের ফিল্ডারের কপালে লাগে। পরমুহূর্তেই চোখমুখ বেয়ে বইতে থাকে রক্তের ধারা।
এই ভয়ংকর ঘটনার পর কালবিলম্ব করেনি নিউজিল্যান্ডের মেডিক্যাল টিম। তক্ষুনি আহত রবীন্দ্রকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর করানো হয় স্ক্যান। রিপোর্ট এখনও আসেনি। সেটা হাতে এলে বোঝা যাবে রবীন্দ্রর চোট কতটা গুরুতর।
এই ঘটনা সামনে আসতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ক্রিকেট অনুরাগীরা। এক্স হ্যান্ডেলে একজন লেখেন, ‘পিসিবি-কে অবশ্যই ফ্লাডলাইট মেরামত করা উচিত। রাচিন রবীন্দ্র গোটা পাক ক্রিকেট টিমের চেয়ে ভালো ফিল্ডার। তিনি ক্যাচ ধরতে ভুল করবেন এটা কখনও হতে পারে? গদ্দাফি স্টেডিয়ামের অবস্থা মোটেও ভাল নয়।’
অন্য এক ভক্ত সরাসরি আইসিসিকে হস্তক্ষেপের অনুরাগ জানান। পাকিস্তান খেলোয়াড়দের সুরক্ষা সুনিশ্চিত না করতে পারলে আস্ত টুর্নামেন্টই দুবাইয়ে সরিয়ে ফেলা হোক বলেও তোপ দেগেছেন তিনি।