অনেকেই আলকারাজের মানসিক কাঠিন্য ও হার-না-মানা ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেছেন। আর সত্যি সেটাই। সমস্ত ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে, যে কোনও ধরনের কোর্টে নিজের সেরাটা সব সময় উজাড় করে দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা।

বিরাট কোহলি ও কার্লোস আলকারাজ
শেষ আপডেট: 9 June 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ইউরোপে মোটেও জনপ্রিয় খেলা নয়। কোনও ক্রিকেট তারকা সেখানে সেভাবে পরিচিত মুখও নন।
কিন্তু খেলোয়াড়ের নাম যখন বিরাট কোহলি, তখন না চাইতেও ব্যাট-বলের যুদ্ধ দেখতে টিভির পর্দায় চোখ রাখতেই হয়! আর পেশায় ধারাভাষ্যকার হলে টেনিস কোর্টের কমেন্ট্রি বক্সে বসে একজন উদীয়মান নক্ষত্রের তুলনায় টেনে আনতেই হয় বিরাটের অনুষঙ্গ!
এই কাণ্ডটিই ঘটেছিল কয়েক বছর আগে। ভাইরাল হয়েছে গতকাল। ফরাসি ওপেন জিতে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন স্পেনীয় কার্লোস আলকারাজ। পরাস্ত করেছেন এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে বিশ্বের পয়লা নম্বর ইয়ানিক সিনারকে। মহাকাব্যিক লড়াই। অনেকের মতে, ফরাসি ওপেনের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ম্যাচ। সময়ের নিরিখে তো বটেই, মানের নিক্তিতেও ফেডেরার-জোকোভিচ-নাদালের জমানার দ্বৈরথকে ছাপিয়ে গিয়েছে আলকারাজ-সিনারের মারকাটারি ডুয়েল!
র্যাঙ্কিংয়ে সবার প্রথমে থাকলেও সিনারকে বিন্দুমাত্র বাড়তি সমীহ করেননি আলকারাজ। হয়তো তাই দুই সেট পিছিয়ে থেকেও পরপর তিন সেটে জিতে ট্রফি হাতে তুলেছেন। বিলবোর্ডে উজ্জ্বল স্কোরলাইনই (৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬) বুঝিয়ে দিচ্ছে ম্যাচ কতটা কাঁটায়-কাঁটায় এগিয়েছে!
এই পরিস্থিতিতে অনেকেই আলকারাজের মানসিক কাঠিন্য ও হার-না-মানা ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেছেন। আর সত্যি সেটাই। সমস্ত ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে, যে কোনও ধরনের কোর্টে নিজের সেরাটা সব সময় উজাড় করে দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা।
হয়তো সেই কারণেই আজ থেকে দু’বছর আগে স্তেফানোস সিটসিপাসের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার আলকারাজ-বন্দনা করতে গিয়ে বলে ওঠেন, ‘ওঁর খেলা দেখতে বসলেই মনে হয় বিরাট কোহলির ব্যাটিং কিংবা বাস্কেটবল হাতে মাইকেল জর্ডনকে দেখছি!’
European commentators about Carlos Alcaraz: "It's like watching Virat Kohli in cricket or Michael Jordan in Basketball"
King Kohli is the face of World Cricket 🇮🇳#Wimbledon pic.twitter.com/apqLQZGKIB— Shekhar (@Shekhar499) July 17, 2023
এই ক্লিপিংটিই কাল থেকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই তুলনায় টেনেছেন বিরাটের একদম সমতল থেকে পাহাড় ভেঙে শীর্ষে ওঠা, দুর্দমনীয় জেদ এবং ময়দান না ছাড়ার মানসিকতা। যেভাবে তলিয়ে যেতে থাকা দলের হাল ধরে রান চেজ করে ম্যাচ জিতিয়েছেন কোহলি, আলকারাজের গতকালের পারফরম্যান্স, পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে।