আলকারাজ–সিনার জুটির সঙ্গে নাম জড়িয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে ব্রুকস নাডার। টেনিস কোর্টের লড়াই যতটা উত্তেজনাপূর্ণ, কোর্টের বাইরে প্রেমের সমীকরণও এখন ততটাই চর্চায়!

সিনার-আলকারাজ-ব্রুকস
শেষ আপডেট: 12 September 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) আর ইয়ানিক সিনার (Jannik Sinner)—তুল্যমূল্য লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে—এই বিতর্কে টেনিস বিশেষজ্ঞেরা যখন মাথার চুল ছিঁড়ছেন, তখন ‘সিনকারাজ’-কে মিলিয়ে দিলেন ব্রুকস নাডার (Brooks Nader)। পেশায় ফ্যাশন মডেল। সূত্রের খবর, সদ্যসমাপ্ত ইউএস ওপেনে তিনি নাকি দুই তারকাকে একই সঙ্গে ডেট করেছেন!
‘পেজ সিক্সে’র (Page Six) রিপোর্ট অনুযায়ী, স্পোর্টস ইলাস্ট্রেটেডের (Sports Illustrated) সুইমস্যুট মডেল ও রিয়্যালিটি শো তারকা ব্রুকস নাডার (Brooks Nader) ইউএস ওপেন চলাকালীন সময়ে একইসঙ্গে আলকারাজ ও সিনারকে ‘সঙ্গ’ দেন। ঘটনা সামনে আসতেই টেনিসমহল রীতিমতো তোলপাড়।
আজ নয়। বেশ কিছুদিন আগে ইঙ্গিতটা দিয়েছিলেন ব্রুকসের বোন গ্রেস অ্যান (Grace Ann)। এক রেডিও শো-তে তিনি জানান, ব্রুকসের ডেটিং জীবনে খেলোয়াড়দের ‘লিটল রোস্টার’ রয়েছে। নাম না বললেও ‘উইনার’ শব্দের সঙ্গে ছন্দ মিলিয়ে মৌচাকে ঢিল ছোড়েন গ্রেস। যার আদত মর্মার্থ ধরে ফেলতে অনুরাগীদের কষ্ট হয়নি! সকলেই সাফ সাফ বুঝে যান, ব্রুকসের বোন আসলে ইয়ানিক সিনারের কথা বোঝাতে চেয়েছেন।
গোটা ইস্যুতে গোড়ায় যদিও মুখে কুলুপ এঁটেছিলেন ব্রুকস। মুখে কিছু না বললেও জিমি কিমেলের (Jimmy Kimmel) লেট নাইট শো-তে এমন কিছু মন্তব্য করেন, যা সিনারের সঙ্গে সম্পর্কের আভাস দেয়।
কিন্তু আসল ট্যুইস্ট আসে তারপরেই—যখন ইউএস ওপেনের সেমিফাইনাল ও ফাইনালে তাঁকে আলকারাজের সমর্থনে কোর্টসাইডে বসে চিয়ার আপ করতে দেখা যায়! পরে যখন গ্রেস অ্যানকে স্পেনীয় টেনিস তারকা প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি বলেন, ‘গুজব সত্যি। তবে ডেটিং খুব ঢিলেঢালা শব্দ। এটুকু জানি, এই মুহূর্তে ও-ই (আলকারাজ) সবার সেরা!’ এই স্তুতিতে জল্পনা আরও বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তুমুল গুঞ্জন।
উল্লেখ্য, এর আগেও ব্রুকসের ব্যক্তিগত জীবন নিয়ে কম বিতর্ক হয়নি। বছরের শুরুতে ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ তারকা গ্লেব সভচেঙ্কোর (Gleb Savchenko) সঙ্গে বিচ্ছেদ। এরপরই একটি সাক্ষাৎকারে স্বীকারোক্তির সুরে জানান, ২০১৪ সালে আলাদা হলেও আইনত তিনি উইলিয়াম হেয়ারের (William Haire) স্ত্রী। এতশতর মধ্যে টম ব্রেডির (Tom Brady) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ফিসফাস ছড়ায়। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তা স্বীকার করেননি।
এবার আলকারাজ–সিনার জুটির সঙ্গে নাম জড়িয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে ব্রুকস নাডার। টেনিস কোর্টের লড়াই যতটা উত্তেজনাপূর্ণ, কোর্টের বাইরে প্রেমের সমীকরণও এখন ততটাই চর্চায়!