আমার মোবাইল চুরিই হয়নি, সব ভুয়ো খবর : সনি নর্ডি
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান তাঁবু থেকে নাকি চুরি হয়ে গেছে সনি নর্ডির মোবাইল! এমনটাই খবর শোনা গেছিল কয়েকদিন আগে। শুরু হয়েছিল পড়শি ক্লাবের তীর্যক মন্তব্য। শনিবার সনি জানালেন, চুরিই হয়নি তাঁর মোবাইল। পুরো খবরটাই ভুয়ো।
আই লিগের প্রথম ম্যাচ খেলত
শেষ আপডেট: 27 October 2018 06:44
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান তাঁবু থেকে নাকি চুরি হয়ে গেছে সনি নর্ডির মোবাইল! এমনটাই খবর শোনা গেছিল কয়েকদিন আগে। শুরু হয়েছিল পড়শি ক্লাবের তীর্যক মন্তব্য। শনিবার সনি জানালেন, চুরিই হয়নি তাঁর মোবাইল। পুরো খবরটাই ভুয়ো।
আই লিগের প্রথম ম্যাচ খেলতে কেরল রওনা হয়ে গেছে মোহনবাগান। যাননি সনি। পুরো ম্যাচ ফিট নয় বলে ক্লাবেই অনুশীলন করছিলেন তিনি। তার মধ্যেই খবর শোনা যায় অনুশীলনের সময় মোহনবাগান ড্রেসিংরুম থেকে নাকি মোবাইল ফোন চুরি হয়ে গেছে সনি'র। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই খবর।
পড়শি ক্লাব ইস্টবেঙ্গল এই খবর নিয়ে শুরু করে ট্রোলিং। তীর্যক মন্তব্য ভেসে আসে মোহনবাগান সমর্থকদের উদ্দেশে। কিন্তু সোশ্যাল মিডিয়ার সেই মন্তব্য, পালটা মন্তব্যের খেলা শুক্রবারের মিনি ডার্বি'তে মাঠে গড়ায়। বিষয়বস্তু সেই মোবাইল চুরি। অভিযোগ, শুক্রবার বাগান মাঠে ইস্টবেঙ্গল জেতার পর ইস্টবেঙ্গল সমর্থকরা নাকি 'আমরাই মোবাইল চোর' লেখা সবুজমেরুন পতাকা বের করে জ্বালানোর চেষ্টা করেন। এই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। দু'দলের বেশ কিছু সমর্থক তাতে আহত হয়েছেন। বাদ যাননি মহিলা সমর্থকরাও। দু'দলের সমর্থকরাই অবশ্য ঘটনার দায় একে অন্যের ঘাড়ে ঠেলেছে।
এর মধ্যেই শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফোন চুরির ঘটনাটিকে ভুয়ো বললেন সনি নিজেই। ফেসবুকে সনি লেখেন, " মোহনবাগান ড্রেসিংরুম থেকে আমার মোবাইল চুরি হয়ে গেছে বলে যে খবর ছড়িয়েছে সে ব্যাপারে আমি পরিষ্কার করে বলতে চাই। এটা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন খবর। আমি ৫ বছর ধরে মোহনবাগানে খেলছি এবং আজ পর্যন্ত এরকম কোনও পরিস্থিতি আসেনি। মোহনবাগান আমার কাছে ও সমর্থকদের কাছে মন্দিরের সমান। যে বা যারা এই ধরণের খবর ছড়িয়েছে ভবিষ্যতে তারা যেন এই কাজ আর না করে। "
সনির এই ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে মোবাইল চুরির যে খবর নিয়ে এত বড় ঘটনা ঘটল, সোশ্যাল মিডিয়ায় গালাগালি থেকে শুরু করে ময়দানে হাতাহাতি পর্যন্ত হলো, রক্তাক্ত হলেন সমর্থকরা, তা পুরোটাই ভুয়ো। একটা মিথ্যে ঘটনা নিয়েই পারস্পরিক দোষরোপ আর কাদা ছোড়াছুড়ি করলেন ভারতের দুই বড় ক্লাবের সমর্থকরা, তা সত্যিই অবাক করার মতো।