দ্য ওয়াল ব্যুরো: আইপিএল বন্ধের ডাক দিয়ে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তারপরেই মহারাষ্ট্র সরকার আইপিএলের প্রথম ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রেখেছে। আর সবশেষে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই মুহূর্তে বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ করা হচ্ছে। সব মিলিয়ে আইপিএল শুরু হওয়ার আগেই সমস্যায় বোর্ড। তাহলে কি কোনও বিদেশি ক্রিকেটারই খেলতে আসতে পারবেন না আইপিএলে। নাকি দর্শকশূন্য মাঠে খেলতে হবে ম্যাচ।
কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কূটনৈতিক, আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রোজেক্ট ছাড়া বাকি সব ক্ষেত্রে ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও বিদেশিকে ভারতের ভিসা দেওয়া হবে না। তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে আইপিএলের বিদেশি ক্রিকেটাররা কী ভাবে ভারতে খেলতে আসবেন। যদি ভিসা না পান, তাহলে কী ভাবে আইপিএলে অংশ নেবেন তাঁরা।
এই প্রশ্নে বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আমাদের দুটো দিন সময় দিন। তারপরেই এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানাতে পারব।” বোর্ড সূত্রে খবর, ১৪ মার্চ মুম্বইয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেখানেই হয়তো পরবর্তী রূপরেখা ঠিক করা হবে।
এর মধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আইপিএলের প্রথম দিনের টিকিট বিক্রি বন্ধ রেখেছে তারা। এই পরিস্থিতিতে কোনওভাবেই একসঙ্গে অত দর্শককে স্টেডিয়ামে অতক্ষণ থাকার অনুমতি দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে হয় মুম্বইয়ে আইপিএলের কোনও খেলা হবে না, আর হলে দর্শকশূন্য মাঠে তা করতে হবে।
আইপিএলে আটটি ফ্র্যাঞ্চাইজিতে প্রায় ৬০ জন বিদেশি ক্রিকেটার খেলেন। এই বিদেশিদের কেনার জন্যই সবথেকে বেশি টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিরা। সেক্ষেত্রে বিদেশিরা খেলতে না এলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। ক্ষতি হবে বোর্ডেরও। এই পরিস্থিতিতে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কী সমাধান সূত্র বেরায় সেটাই দেখার।