বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমাজ মাধ্যমে ভারতের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

মুস্তাফিজুর রহমান
শেষ আপডেট: 3 January 2026 19:26
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আসন্ন আইপিএল (ICC) ২০২৬ টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র নির্দেশে কেকেআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ঘিরে বিবাদে জড়িয়ে পড়েছে দুই দেশের নাগরিকদের একাংশ। মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নানা মহল থেকে চাপ তৈরি করা হচ্ছিল। অশান্তি এড়াতে তাঁকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মহলের খবর।
সিদ্ধান্তের জেরে বাংলাদেশেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমাজ মাধ্যমে ভারতের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি ভারতকে উগ্র রাষ্ট্র বলে উল্লেখ করে বলেছেন এমন দেশে কোনও টুর্নামেন্টের আয়োজনের অনুমতি দেওয়া উচিত নয়।
ফেসবুকে তিনি লিখেছেন, 'এরকম একটা উ*গ্র রাষ্ট্রকে কোনপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। তাঁর দাবি, ৫ অগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।
প্রসঙ্গত, বিসিসিআইয়ের ওই সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য মদন লাল। তিনি বলেছেন, মনে হয় উপরমহলে চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খেলাধুলার ওপর রাজনীতি চাপিয়ে দেওয়া উচিত হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। সেই সঙ্গে মদনলাল বলেছেন, সবকিছুর আগে দেশ। নিশ্চয়ই দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।