২০২৭ বিশ্বকাপে কি খেলবেন বিরাট-রোহিত? স্পষ্ট বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি।

ছবি: এআই
শেষ আপডেট: 4 February 2026 23:31
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) কেরিয়ার কতদিন চলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। পারফরম্যান্স ও ফিটনেসই একমাত্র মাপকাঠি হওয়া উচিত, বয়স নয়। পাশাপাশি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (2027 ODI World Cup) বর্তমান ভারতীয় দলকে ‘সবচেয়ে বিপজ্জনক’ বলেও আখ্যা দিয়েছেন ধোনি।
টাইল ও স্টোন ইনস্টলেশন সংস্থা মাইক ল্যাটিক্রিটের উদ্যোগে স্পোর্টস ব্রডকাস্টার জতিন সাপরুর সঙ্গে প্রায় আধঘণ্টার এক সাক্ষাৎকারে খুব কমই শোনা যায় এমন খোলামেলা মন্তব্য করেন ধোনি। সাক্ষাৎকারের শুরুতে যখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ৩৮ বছর বয়সি রোহিত ও ৩৭ বছরের বিরাটের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে, তখন ধোনি মজার ছলে বলেন, “সরি, প্রশ্নটা কী?” তবে মুহূর্তের মধ্যেই তিনি বিষয়টির গুরুত্ব তুলে ধরেন।
ধোনির সাফ বক্তব্য, “কেন নয়? কেউ কেন বিশ্বকাপ খেলতে পারবে না? আমার কাছে বয়স কোনও মানদণ্ড নয়। পারফরম্যান্স আর ফিটনেসই আসল। কাউকে কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। তবে এটা পরিষ্কার থাকা দরকার, সকলের সঙ্গে সমান আচরণ হবে।”
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে ৪৪ বছর বয়সি ধোনি বলেন, “আমি যখন অভিষেক করি, তখন বয়স ছিল ২৪। কেউ তখন আমাকে কিছু বলেনি। আবার ১০–২০ বছর খেলার পরও বয়স নিয়ে কেউ এসে কিছু বলার দরকার নেই।” বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা ধোনি দলের মধ্যে অভিজ্ঞতার গুরুত্বও তুলে ধরেন।
রোহিত-বিরাট প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আগামী পাঁচ বছরে যাঁদের নামই আসুক, তারা বিশ্বকাপ খেলবে কি না, সেটা আমাদের ঠিক করার বিষয় নয়। সেটা ওদের সিদ্ধান্ত। যদি তারা ভাল খেলতে পারে, দেশের হয়ে খেলতে চায়, তাহলে সমস্যা কোথায়?”
ধোনির মতে, অভিজ্ঞতা রাতারাতি তৈরি হয় না। “২০–২৫ ম্যাচ খেললেই কাউকে অভিজ্ঞ বলা যায় না। চাপের মধ্যে দীর্ঘ সময় পারফর্ম করলেই আসল অভিজ্ঞতা আসে। ৮০–৮৫টা ম্যাচ খেলতে হয়, তখনই বোঝা যায় কীভাবে আবেগ আর চাপ সামলাতে হয়।” তাই তাঁর মতে, সঠিক ভারসাম্য গড়তে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ অত্যন্ত জরুরি।
বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীর যেখানে রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট মত দিতে চাননি, সেখানে ধোনি পরিষ্কার জানালেন— “যে খেলোয়াড় ফিট এবং পারফর্ম করছে, সে খেলবেই। ফিট না থাকলে বা খেলতে না পারলে যে কাউকেই বাদ দেওয়া যায়। নির্বাচনে ব্যক্তিগত প্রশ্নের জায়গা নেই। একটাই মানদণ্ড, পারফরম্যান্স ও ফিটনেস।”
এরপর আলোচনায় উঠে আসে ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির মতে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন বর্তমান দল অত্যন্ত ভয়ংকর।
তিনি বলেন, “এটা সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটা। ভালো দলের যা যা প্রয়োজন, সবই আছে। এই ফরম্যাটে ওদের অভিজ্ঞতা বিপুল, চাপের মধ্যেও খেলেছে।” তবে একটি বিষয়ে সতর্ক থাকার কথা বলেন ধোনি- শিশির। “আমি শিশির একদম পছন্দ করি না। এটা ম্যাচের অনেক কিছু বদলে দেয়। আমার খেলার সময়েও দেখেছি, শিশির থাকলে টসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়,” বলেন ধোনি।
সবশেষে তিনি যোগ করেন, “কেউ যেন চোট না পায়, সবাই নিজের নির্দিষ্ট ভূমিকা ঠিকঠাক পালন করে— এটাই দরকার। সব ঠিক থাকলে কিছু বলেই জিনক্স করতে চাই না, তবে এই দলটা সত্যিই ভীষণ বিপজ্জনক।”