গত কয়েক বছর ধরেই সর্বভারতীয় ফুটবল মানেই ইস্টবেঙ্গলের (East Bengal) একরাশ ব্যর্থতা। তবুও সমর্থকরা হতাশ নন। এটাই হল পদ্মা পাড়ের ক্লাবের চরম প্রাপ্তি।

মার্তান্ড রায়না
শেষ আপডেট: 10 July 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরেই সর্বভারতীয় ফুটবল মানেই ইস্টবেঙ্গলের (East Bengal) একরাশ ব্যর্থতা। তবুও সমর্থকরা হতাশ নন। এটাই হল পদ্মা পাড়ের ক্লাবের চরম প্রাপ্তি।
তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ কর্তারা। মরশুম শুরুর অনেকদিন আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছেন তাঁরা। কোচ অস্কার ব্রুজনের পছন্দ অনুযায়ী ফুটবলারদের সই করিয়ে চলেছে মশাল ব্রিগেড। বেশকিছু বিদেশি ফুটবলারের পাশাপাশি তরুণ ভারতীয় ফুটবলারদেরও এবার দলে নেওয়া হয়েছে।
ক্লাবের এবার নতুন সংযোজন মার্তান্ড রায়না (Martand Raina)। গতবার আই-লিগে রাজস্থান ইউনাইটেড এফসির এই ডিফেন্ডার দারুন নজর কেড়েছিলেন। তারপর থেকে আইএসএলের বেশ কিছু ক্লাবের নজরে ছিলেন তিনি। অবশেষে ধরা দিলেন লেসলি ক্লডিয়াস সরণির জালে।
ইমামি ইস্টবেঙ্গল এফসির সঙ্গে মার্তান্ড রায়না যোগ দিয়েছেন তিন বছরের চুক্তিতে। রাজস্থানে জন্মগ্রহণকারী এই ডিফেন্ডার এবার ইস্টবেঙ্গলের ১৬ নম্বর জার্সি পরবেন।
রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে রায়নাকে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গল এফসির ফুটবল প্রধান থাংবোই সিংটো বলেন, "আমাদের দলে রায়না একজন গুরুত্বপূর্ণ সংযোজন, কারণ আমরা আমাদের ডিফেন্সকে শক্তিশালী করতে এবং আসন্ন মরশুমের জন্য একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে চাই। আই-লিগের শীর্ষ প্রতিভাদের তুলে ধরা এবং তারা যাতে দীর্ঘ সময় ধরে ইস্টবেঙ্গলের সেবা করতে পারে তা নিশ্চিত করা আমাদের সচেতন প্রচেষ্টা। গত মরশুমে আই-লিগে রায়নার অবিশ্বাস্য ধারাবাহিকতা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমরা বিশ্বাস করি, সে পরবর্তী স্তরে যেতে পারবে এবং ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারবে।"
২০২৪-২৫ আই-লিগ মরশুমে অসাধারণ পারফর্মার রায়নার বহুমুখী প্রতিভা রয়েছে। এই সেন্টার-ব্যাকের ইন্টারসেপশন অসাধারণ। পাশাপাশি এরিয়াল বলের ক্ষেত্রেও তিনি তাঁর যোগ্যতা প্রমাণ করেছেন। সেই সঙ্গে আক্রমণে উঠে দলকে সাহায্য করার ক্ষেত্রেও তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন।
গত মরশুমে রায়না ২১টি ম্যাচে অংশ নিয়ে ১,৭৬৬ মিনিট ডিফেন্স সামলানোর পাশাপাশি চারটি গোলও করেছিলেন। গত আই লিগে রায়না ছিলেন সর্বোচ্চ গোলদাতা সেন্টার-ব্যাক ছিলেন।
ইস্টবেঙ্গল হেড স্যার ব্রুজন বলেছেন, "গত মরশুমে আই-লিগে রায়না সবচেয়ে কার্যকর এবং ধারাবাহিক পারফর্মারদের একজন ছিলেন। আমাদের ডিফেন্স শক্তিশালী করতে এবং প্রাথমিক একাদশে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা তীব্র করার জন্য আমরা তাকে চুক্তিবদ্ধ করাকে অগ্রাধিকার দিয়েছিলাম।"
ইস্টবেঙ্গলের সঙ্গে যাত্রা শুরু করতে পেরে রোমাঞ্চিত রায়না বলেন, "এমন একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং উৎসাহী ভক্ত বেসের ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমি বাংলার ফুটবলের সঙ্গে অপরিচিত নই, এর আগেও অ্যাডামাস ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেছি। এটি আমার জন্য একটি বিশাল সুযোগ। আমার পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের গর্বিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।"