
শেষ আপডেট: 2 February 2024 21:58
দ্য ওয়াল ব্যুরো: খেলার প্রথম পাঁচ মিনিটে মার্কার রাসফোর্ড ও ২২ মিনিটে রাসমাস হলুন্দের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তখন মনে হওয়া স্বাভাবিক, ইপিএলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে সহজ জয় তুলে নিতে যাচ্ছে ম্যান ইউ। কিন্তু না, শেষ দিকে শুরু হয় শ্বাসরুদ্ধকর লড়াই হল। ২৬ মিনিটের মধ্যে গোল হয়েছে ৫টি। তবে রোমাঞ্চকর এই লড়াইয়ে ম্যান ইউ জিতল ৪-৩ গোলে।
ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে উলভারহ্যাম্পটন। ব্যবধান নেমে আসে ২-১ এ। খেলার বাকি তখনও ১৯ মিনিট। এরিক টেন হ্যাগের শিষ্যরা তারপরে জ্বলে উঠলেন। উলভারহ্যাম্পটনের খেলোয়াড়রাও তখন খেলা দেখাতে শুরু করলেন। শেষ দিকে এসে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হল দুই দল।
ম্যাচের শেষ দিকে শুরু হয় রোমাঞ্চকর লড়াই। গোল, পাল্টা গোল। গোলের বন্যায় যেন প্রতিটি গোল আলাদা করে মনে রাখলেন দর্শকরা। এক গোলের উদযাপন শেষ না করতেই যেন আবার গোল। শেষ দিকে ২৬ মিনিটের মধ্যে গোল হয়েছে ৫টি, অথচ আগের ৭০ মিনিটে হয়েছে মাত্র ২টি গোল।
উলভারহ্যাম্পটন পেনাল্টি থেকে গোল পাওয়ার ৪ মিনিট পর গোল করে ইউনাইটেডকে ৩-১ গোলে এগিয়ে দেন স্কট টমিনয়। এরপর টানা দুটি গোল (৮৫ মিনিটে ও অতিরিক্ত সময়ের ৫ মিনিটে) করে ৩-৩ গোলে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। গোল দুটি করেন ম্যাক্স কিলম্যান ও পেদ্রো নেটো।
ম্যান ইউ জয়সূচক গোলটি করে দু’মিনিট পরেই। ওমারি ফর্সনের অ্যাসিস্টে ডানপায়ের দুর্দান্ত শটে গোলটি করেন কোবি মাইনো। অবশেষে সাত গোলের থ্রিলার ম্যাচে শেষ হাসি ম্যান ইউর। ২২ ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট ৩৫। অপরদিকে টেবিলের ১১ নম্বরে রয়েছে উলভারহ্যাম্পটন।