দ্য ওয়াল ব্যুরো: একেই বলে আসল নেতা। আসল দিনে আসল কাজ করে সতীর্থদের মন জিতলেন, আবার সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করলেন। কেন উইলিয়ামসনের (Kane Williamson) রবিবারের ইনিংস এককথায় ফ্রেমে বাঁধানো।
অসাধারণ ইনিংস, আউট হলেন যখন, নামের পাশে ৪৮ বলে ৮৫, যার মধ্যে রয়েছে ১০টি চার ও তিনটি ছয়। কেন উইলিয়ামসনকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক বলা হয়, ফাইনাল ম্যাচেও বোঝালেন। দল যখন বিপদে পড়েছে, ব্যাটিং করতে এসে যে ইনিংস খেলেছেন, তাতেই অনেক বিপদ কেটে গিয়েছে। শেষমেশ নিউজিল্যান্ড করতে পেরেছে ১৭২/৪। জিততে গেলে অজিদের করতে হবে ১৭৩ রান।
দুবাইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র ৫৭ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। প্রথম ৫ ওভারে করেছিল ৩০ রান। ওপেনার ডারিল মিচেল ১১ রানে ফিরে যান।
https://twitter.com/clutchplay/status/1459905913645862912
ইনিংসের মাঝপথ পেরিয়ে যাওয়ার পরই যেন সম্বিৎ ফিরেছে উইলিয়ামসনের। মিচেল স্টার্কের করা ১১তম ওভারে পরপর তিন চারের মারে তুলে নেন ১৯ রান। স্টার্কের কাছে দুঃস্বপ্ন হিসেবে হাজির হন উইলিয়ামসন, তিনি এক ওভারে ২২ রান নেন, তার মধ্যে চারটি চার ও একটি ছয় ছিল। উইলিয়ামসনের রুদ্রমূর্তিতেই খেলা ঘুরে গিয়েছে।
এমনকি গ্লেন ম্যাক্সওয়েকেও রেহাই দেননি কিউই অধিনায়ক। সেই ওভারে ডিপ মিড উইকেট দিয়ে হাঁকানো দ্বিতীয় ছক্কায় মাত্র ৩২ বলে ফিফটি পূরণ হয় কিউই অধিনায়কের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ১৪তম ফিফটি। যে গতিতে এগচ্ছিলেন, তাতে কেনের সেঞ্চুরি বাধা ছিল, কিন্তু হ্যাজলউডের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। উইলিয়ামসন ছাড়া বলার মতো রান ফিলিপস (১৮), নিশামের (১৩)।
যদিও শুরুতে কিউইদের মন্থর ইনিংসই শেষমেশ কাপ জয়ের পথে বাধা হতে পারে। কারণ এই উইকেটে অজিদের মতো ব্যাটিং লাইন আপে এই রান তোলা অসুবিধে হওয়ার কথা নয়। যদি একান্ত নিউজিল্যান্ড বোলাররা দারুণ কিছু করেন।