আন্তর্জাতিক বিরতির আগে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল দল, কিন্তু এবার অ্যানফিল্ডে দুরন্ত পারফরম্যান্স তাদের হারানো ছন্দ ফিরিয়ে আনল।

শেষ আপডেট: 19 October 2025 23:42
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল সচরাচর পিছিয়ে থাকে না। পিছিয়ে থাকলেও শেষমেশ জিতেই ফেরে!
আজ দুটোই উলটো হল। আর্নে স্লটের টিম পিছিয়ে গেল। নব্বই মিনিটের মধ্যে কামব্যাকও হল না। নিট ফল: লিভারপুল ১-২ ম্যানচেস্টার ইউনাইটেড!
অ্যানফিল্ডের (Anfield) এই স্কোরলাইন মরশুমের অন্যতম বড় অঘটন। রবিবার রাতে রুবেন আমোরিমের (Ruben Amorim) দল (Manchester United) যে লিভারপুলকে (Liverpool) হারাতে পারে, এটা অতি বড় ইউনাইটেড ভক্তও কল্পনা করেননি। কিন্তু শেষমেশ সেটাই হল। শুধু তিন পয়েন্ট নয়, আমোরিম-জমানায় প্রথমবার টানা লিগ জয় পেল ইউনাইটেড।
শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে ম্যাচের রঙ বদলে দেন ব্রায়ান এমবেওমো (Bryan Mbeumo)। এগিয়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধে একের পর এক আক্রমণেও সমতা ফেরাতে পারেনি লিভারপুল।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় আর্নে স্লটের (Arne Slot) দল। ৭৮ মিনিটে কোডি গ্যাকপো (Cody Gakpo) গোল করে সমতা ফেরান। কিন্তু ম্যাচের মোড় ঘোরে শেষ মুহূর্তে। ৮২ মিনিটে হেডে বল জালে জড়ান হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire), আর সেটাই হয়ে ওঠে জয়সূচক গোল।
এই জয়ের সুবাদে ইউনাইটেডের আত্মবিশ্বাস বাড়ল অনেকটাই। আন্তর্জাতিক বিরতির আগে সান্ডারল্যান্ডের (Sunderland) বিরুদ্ধে জিতেছিল দল, কিন্তু এবার অ্যানফিল্ডে দুরন্ত পারফরম্যান্স তাদের হারানো ছন্দ ফিরিয়ে আনল।
অন্যদিকে, চ্যাম্পিয়ন লিভারপুলের জন্য এই হার আরও এক বড় ধাক্কা। টানা চার ম্যাচ হারল তারা—তিনটি প্রিমিয়ার লিগে (Premier League), একটি চ্যাম্পিয়নস লিগে (Champions League)। শেষবার এমন ধস দেখা গিয়েছিল ২০১৪ সালে, ব্রেন্ডান রজার্সের (Brendan Rodgers) আমলে।
২৪ সেপ্টেম্বর সাউথ্যাম্পটনের (Southampton) বিরুদ্ধে লিগ কাপের (EFL Cup) জয়ই শেষ সাফল্য। তারপর থেকে পরপর ব্যর্থতা। ট্রান্সফার মার্কেটে প্রভূত বিনিয়োগের পর স্লটের দলের তাল, আত্মবিশ্বাস—দুটো নিয়েই এখন জটিল প্রশ্ন দেখা দিচ্ছে।